মনোহরদী-নরসিংদী লুপলাইন চালু, গ্যাসের চাপ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোহরদী-নরসিংদী ২৫ কিলোমিটার দীর্ঘ লুপলাইনটি চালু করা হয়েছে। গত শুক্রবার রাত আটটার দিকে মনোহরদীর তিতাস গ্যাস ভাল্ভ স্টেশনে ২০ ইঞ্চি ব্যাসের এ লুপলাইনের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর।৮৪ কোটি নয় লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে লাইনটি নির্মাণ করা হয় কোম্পানির নিজস্ব অর্থায়নে। গত ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রকল্পটির কাজ চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা থাকলেও পৌনে দুই মাস আগেই তা শেষ হয়েছে।প্রকল্পটি শেষ হওয়ায় ঘোড়াশাল, নরসিংদী, সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকার সারকারখানা, বিদ্যুৎকেন্দ্রসহ শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকেরা স্বাভাবিক চাপে গ্যাস পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান, নরসিংদীর আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (ডিজিএম) আবদুস ছাত্তার প্রমুখ। ডিজিএম আবদুস ছাত্তার জানান, লুপলাইনটি চালু হওয়ায় নরসিংদী ১২ নম্বর ভাল্ভ স্টেশনে অতিরিক্ত প্রায় ৩৭৫ এমএমএসসিএফডি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।