মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লাঞ্ছিত হয়েছেন। হাসপাতালের আরএমও নিয়োগ নিয়ে দুই চিকিৎসকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে গত রোববার এ ঘটনা ঘটেছে।হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ইব্রাহিম টিটন জানান, গত রোববার তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় হাসপাতালের চিকিৎসক বদিউল আলম আকন্দ তাঁকে ‘স্যার’ সম্বোধন করে কুশলাদি জিজ্ঞাসা করেন। তিনি ‘স্যার’ না বলে ‘ভাই’ বলে সম্বোধন করতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে লাঞ্ছিত করেন বদিউল আলম। পরে অন্য সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।এ ব্যাপারে বদিউল আলম প্রথম আলোকে বলেন, ‘টিটন আরএমও হয়েছেন এবং হাসপাতালের প্রধানের দায়িত্ব পেয়েছেন জানতে পেরে ইচ্ছে হলো তাঁকে একবার “স্যার” বলে আসি। কিন্তু “স্যার” বলতেই তিনি খেপে যান। তখন আর রাগ ধরে রাখতে পারিনি। কয়েকটি চড়-থাপড় দিয়েছি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘আরএমও নিয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে দ্বন্দ্ব ছিল বলে শুনেছি। এর জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।’এ ঘটনার পর গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নরসিংদী শাখার পক্ষ থেকে জরুরি সভা আহ্বান করা হয়। বৈঠক শেষে স্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলাম প্রথম আলোকে জানান, ঘটনার তদন্তে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিকিৎসা কর্মকর্তা বদিউল আলম ও ইব্রাহিম টিটনের মধ্যে আরএমও নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে গত ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে নিযুক্ত হন মোশাররফ হোসেন। তিন মাসের প্রশিক্ষণের জন্য সম্প্রতি তিনি ঢাকায় গেলে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পান ইব্রাহিম টিটন। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা নুরুল ইসলাম রোববার ছুটিতে গেলে হাসপাতালের প্রধান হিসেবে এ দিন দায়িত্ব পালন করছিলেন ইব্রাহিম টিটন।