মনোহরদীতে অতিথি নিয়ে বিরোধ পিছিয়ে গেছে মাদ্রাসার অনুষ্ঠান
নরসিংদীর মনোহরদী দারুল ইসলাম দাখিল মাদ্রাসার পূর্বনির্ধারিত দাখিল পাবলিক পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান আজ বৃহস্পতিবার হচ্ছে না। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, অতিথির তালিকা নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে গোলযোগের আশঙ্কায় এ অনুষ্ঠান বাতিল করা হয়। আগামী শনিবার এ অনুষ্ঠান হবে। মাদ্রাসা সূত্র জানায়, আজ বৃহস্পতিবার অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে দাওয়াতপত্র ছাপা হয়েছিল। এতে প্রধান অতিথি করা হয় উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা পারভীনকে। বিশেষ অতিথি করা হয় ছয়জনকে। আওয়ামী লীগের নেতারা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে চারজনকে মেনে নিলেও বিএনপি-সমর্থিত দুই ওয়ার্ড কাউন্সিলরকে মেনে নিতে পারেননি। মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম ফারুকী বলেন, অতিথি নিয়ে রাজনৈতিক বিরোধের আশঙ্কা দেখা দেওয়ায় অনুষ্ঠান বাতিল করা হয়। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন সময়সূচি ও অতিথির তালিকা তৈরি করা হয়েছে। নতুন তালিকা থেকে ৭ ও ৮ নম্বর কাউন্সিলরের নাম বাদ দিতে হয়েছে। নতুন করে অতিথি করা হয়েছে সিরাজ মাঝিকে। তিনি জানান, নতুন দাওয়াতপত্র ছাপার কাজ চলছে।মাদ্রাসা পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির সভাপতি মোস্তফা কামাল মাঝি বলেন, অতিথি করা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি হয়েছে। এ কারণে অনুষ্ঠান পেছাতে হয়েছে।এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কাকে অতিথি করবে আর কাকে করবে না, তা মাদ্রাসা কর্তৃপক্ষের বিষয়। এ বিষয়ে আমরা কিছু জানি না।’ একই মন্তব্য করেন উপজেলা কৃষক লীগের সভাপতি সিরাজ মাঝিও। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অন্য দলের কর্মীকে সহ্য করার মতো মানসিকতা তৈরি হয়নি বলেই আওয়ামী লীগের পরামর্শে অতিথিদের তালিকা থেকে আমাদের দুজনের নাম বাদ দেওয়া হয়েছে।’