মনোহরদীতে আ.লীগ নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
নরসিংদীর মনোহরদীতে আওয়ামী লীগের একজন নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির ওপর নির্যাতন ও তাঁর কাছ থেকে ফাঁকা দলিলে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মামলা করায় তাঁকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।নির্যাতনের শিকার ওই ব্যক্তির পরিবারের ভাষ্যমতে, উপজেলার আকানগর গ্রামের নরেন্দ্র চন্দ্র বিশ্বাস উত্তরাধিকার সূত্রে ৫১ শতাংশ জমি পান। পারিবারিক টানাপোড়েনে তিনি স্থানীয় আকতার মিয়ার কাছে সাত শতাংশ জমি বিক্রি করেন। এর আগে থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও গোতাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বরকতের যোগসাজশে আবুল কাশেম, আবদুর রশীদ ও মিলন চান তাঁর জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি অফিসে গিয়ে আকতার মিয়ার নামে জমি নিবন্ধন করে বাড়ি ফেরার পথে আবুল বরকতের নির্দেশে কাশেম, রশীদ ও মিলনসহ অজ্ঞাত আরও কয়েকজন নরেন্দ্রকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে একটি ঘরে আটকে রাখেন। পরে শারীরিকভাবে নির্যাতন করে দলিল ও স্ট্যাম্পে স্বাক্ষর নেন। দলিলে আবুল কাশেমকে জমির গ্রহীতা ও নরেন্দ্র চন্দ্রকে দাতা হিসেবে উল্লেখ করে অস্ত্রের মুখে তাঁকে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রধান অভিযুক্ত আবুল বরকত ও আবুল কাশেমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।