মনোহরদীতে গণডাকাতি পিটুনিতে একজন নিহত
নরসিংদীর মনোহরদীতে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীর পিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশের দাবি, জনতার হাতে নিহত ব্যক্তি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। সোমবার দিবাগত রাত ১০টার দিকে মনোহরদী উপজেলার সাগরদি-লেবুতলা সড়কের নরেন্দ্রপুর জিউর আখড়ার সামনে এ গণডাকাতির ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, রাত নয়টা থেকে ১০টার মধ্যে জিউর আখড়ার কাছে পর পর পাঁচজন পথচারী ডাকাতির শিকার হন। পরে তাঁরা এসে গণডাকাতির ঘটনাটি জানানোর পর এলাকাবাসী জিউর আখড়ার চারপাশ ঘিরে ফেলে। জনতার উপস্থিতি টের পেয়ে ১০-১২ জনের ডাকাত দলটি ছত্রভঙ্গ হয়ে গ্রামের ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে জনতার হাতে একজন ধরা পড়েন। পরে তিনি গণপিটুনিতে নিহত হন।ডাকাতির শিকার উপজেলার নরেন্দ্রপুর গ্রামের নুরুউদ্দিন মিয়া বলেন, ‘কাজ শেষে সাগরদি বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত নয়টার দিকে ডাকাতির শিকার হই। ডাকাতেরা আমার সর্বস্ব কেড়ে নিয়ে পাশের একটি গাছের সঙ্গে বেঁধে রাখে।’মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কতুবুর রহমান চৌধুরী বলেন, ‘আমাদের ধারণা, নিহত ব্যক্তিটি ডাকাত দলের সদস্য। এ ঘটনায় মনোহরদী থানায় দুটি মামলা হয়েছে।’