মনোহরদীতে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহতের নাম আশফিয়া বেগম (২৮)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরআলীনগর গ্রামের শরিফ মিয়ার স্ত্রী। নিহতের স্বামী শরিফ মিয়া এক লিখিত অভিযোগে সাংবাদিকদের জানান, চরআলীনগর স্বামীর বাড়িতে গতকাল শনিবার সকালে গর্ভবতী আশফিয়া বেগমের প্রসবব্যথা উঠলে তাঁকে দ্রুত মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসকেরা অনেক বিলম্ব করে রোগীর প্রাথমিক চিকিৎসা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তবে কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নূরুল ইসলাম ও তাঁর সহযোগী শিহাবুল ইসলামকে নিয়ে প্রসূতি আশফিয়া বেগমের অস্ত্রোপচার করে সন্তান প্রসব করানো হয়। অস্ত্রোপচারের কিছু সময় পরই আশফিয়ার মৃত্যু হয়। তিনি একটি ছেলেসন্তান জন্ম দেন।নিহতের স্বামী শরিফ মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমার স্ত্রীকে হাসপাতালে আনার অনেকক্ষণ পর চিকিৎক আসেন। কিন্তু চিকিৎসকেরা তাঁর কোনো পরীক্ষা-নিরীক্ষা না করেই অপারেশনের কথা বলেন। অপারেশনের কিছুক্ষণ পরই আশফিয়া মারা যান। অপারেশন ভুল হওয়ার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।’মনোহরদী উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নূরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো গাফিলতি ছিল না। আর আমরা সব ধরনের পরীক্ষা করেই অস্ত্রোপচার করেছি। আর রোগী অস্ত্রোপচার কক্ষেই হার্ট অ্যাটাক করেছেন। আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।’