মনোহরদীতে দাফনের দুই মাস পর লাশ উত্তোলন
নরসিংদীর মনোহরদীতে দাফনের দুই মাস পর কবর থেকে সিরাজ উদ্দিন প্রধান নামের একজনের লাশ তোলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চন্দনবাড়ি এলাকার পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়।
সিরাজ উদ্দিন প্রধান চন্দনবাড়ি এলাকার সাহেব আলী প্রধানের ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শামীম কিবরিয়ার উপস্থিতিতে লাশটি উত্তোলন করে পুলিশ।
পুলিশ জানা যায়, সিরাজ উদ্দিন ও তাঁর ভাই রিয়াজ উদ্দিন প্রধানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গত ২৯ মে সিরাজ উদ্দিনের সঙ্গে তাঁর ভাই রিয়াজ উদ্দিন ও তাঁর ছেলের ঝগড়া হয়। একপর্যায়ে রিয়াজ উদ্দিন ও তাঁর ছেলে কাউছার প্রধান মিলে সিরাজ উদ্দিনের ওপর হামলা করেন। এ সময় কাউছার সিরাজ উদ্দিনের তলপেটে লাথি মারেন। এতে সিরাজ উদ্দিন আহত হন। তাৎক্ষণিকভাবে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসক নিয়ে আসা হয়। তখন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সিরাজ উদ্দিন মারা যান বলে রিয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন প্রচার করেন। পাশাপাশি তড়িঘড়ি লাশটি দাফন করেন তাঁরা। পরে সিরাজ উদ্দিনের ছেলে হাদিকুল ইসলাম বাড়িতে আসেন। তবে রিয়াজ উদ্দিন ও তাঁর ছেলের আচরণে তাঁর সন্দেহ হয়। পরে এ ঘটনায় হাদিকুল ইসলাম বাদী হয়ে রিয়াজ উদ্দিন, তাঁর স্ত্রী ও ছেলেমেয়েসহ আটজনকে আসামি করে মনোহরদী মডেল থানায় মামলা করেন। আদালত সিরাজ উদ্দিনের মরদেহের সুরতহাল প্রতিবেদন দেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিলে দাফনের দুই মাস পর লাশ উত্তোলন করা হয়।