মনোহরদীতে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
আজ শনিবার বেলা একটার দিকে দৌলতপুর ইউনিয়নের কোচেরচর মুকসুদ আলী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সদস্য প্রার্থী মনু মিয়া ও ইসরাত জাহানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে মোতালিব মিয়া (৪৫) নামের একজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাদিউল ইসলাম তাঁর সমর্থকদের নিয়ে ওই ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে জোর করে সিল মারার চেষ্টা করেন। এ সুযোগে ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী মনু মিয়া ও ইসরাত জাহানের সমর্থকেরাও ব্যালট পেপারে সিল দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতি হয়। তাঁদের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) শামীম কিবরিয়া, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. বোরহানুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এই কেন্দ্রে ২ হাজার ১৫৬ ভোট রয়েছে। এর মধ্যে বেলা পৌনে দুইটা পর্যন্ত ৭০ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে।