মনোহরদীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে লেবুতলা ইউনিয়নের রায়েরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন মিয়া (৩০) নামের এক পোলট্রি খামারি মারা যান। এ ছাড়া একই ইউনিয়নের দাইরেরপাড় গ্রামের মো. সোহান দেওয়ান (২) নামের এক শিশু বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে মারা যায়।
আল আমিন রায়েরপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং সোহান দাইরেরপাড় গ্রামের আবদুল কুদ্দুস দেওয়ানের ছেলে। মারা যাওয়া দুজনের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে আল আমিন বাড়ির পাশে নিজের খামারে বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। কিছুক্ষণ পর বাড়ির অন্য সদস্যরা আল আমিনকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখতে পান। তাঁকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহান দেওয়ান সকাল নয়টায় পরিবারের সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। পরিবারের সদস্যরা আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশে পুকুরে সোহানের লাশ ভেসে ওঠে। পরে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দুজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।