মনোহরদীতে ব্রহ্মপুত্র থেকে এক যুবকের লাশ উদ্ধার
নরসিংদীর মনোহরদী উপজেলার চর গোহালবাড়িয়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে গতকাল সকালে কবির হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের বান্দাবাড়িয়া গ্রামে। কবিরের পরিবারের অভিযোগ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মনোহরদী থানায় নজরুল ইসলাম (২৩), মো. ইব্রাহিম (২২) ও মো. জসিমের (৪০) নামে মামলা করেছেন।মামলার বিবরণীতে বলা হয়, কবির হোসেন (২৩) পেশায় রিকশাচালক। তিনি মা ও স্ত্রীকে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চরপুক্ষিয়া গ্রামে নানার বাড়িতে থাকতেন। গত শুক্রবার রাত ১১টার দিকে কবিরকে প্রতিবেশী নজরুল ইসলাম বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ব্রহ্মপুত্র নদে ফেলে দেওয়া হয়। নিহতের স্ত্রী মুক্তা আক্তার (২৩) প্রথম আলোকে বলেন, তিন-চার দিন আগে একই গ্রামের ওই তিন ব্যক্তির সঙ্গে কবিরের ঝগড়া হয়।