মনোহরদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবু বক্কর মৃধা (৫০)। গতকাল শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বক্কার মৃধার স্ত্রী জোবেদা খাতুনও আহত হয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আবু বক্কর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের মৃত মফিজ উদ্দিন মৃধার ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শেখেরগাঁও গ্রামের মফিজ উদ্দিন মৃধার মৃত্যুর পর থেকে তাঁর জমির ভাগ বাঁটোয়ারা নিয়ে দুই ছেলে হারুন অর রশীদ মৃধা ও আবু বক্কর মৃধার মধ্যে বিরোধ চলে আসছিল।এরই ধারাবাহিকতায় গত শুক্রবার জুমার নামাজের পর বেলা আড়াইটার দিকে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে এবং পরে বাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কে-বিতর্ক হয়। তর্কের একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয় এবং হারুন অর রশীদ মৃধা শাবল দিয়ে আবু বক্করের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বক্করের স্ত্রী জোবেদা খাতুন বাধা দিতে এলে হারুন মৃধা এবং তাঁর দুই ছেলে রফিকুল মৃধা ও রাকিব মৃধা তাঁকেও মারধর করেন। পরে আহত অবস্থায় আবু বক্কর ও জোবেদা খাতুনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে আবু বক্করের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান।