মনোহরদীতে মসজিদ ভেঙে জমি দখলে নেওয়ার অভিযোগ
নরসিংদীর মনোহরদীতে ওয়াক্ফ করা জায়গা দখলে নেওয়ার জন্য ‘রওজাতুল জান্নাহ’ নামে একটি জামে মসজিদ ভেঙে ফেলেছেন আবু সাঈদ নামের আওয়ামী লীগের এক নেতা। সাঈদ খিদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বীর আহমদপুর গ্রামে (সাগরদী বাজারসংলগ্ন) এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও রওজাতুল জান্নাহ মসজিদ কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বীর আহমদপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের মৃত্যুর পর তাঁর সম্পত্তি পারিবারিক বণ্টননামা মূলে ভাগাভাগি হয়। এই সূত্রে বড় ছেলে ইসমাইল হোসেন তাঁর মোট জমির ১৮ শতাংশ ২০০৮ সালে রওজাতুল জান্নাহ মসজিদের নামে ওয়াক্ফ করে দেন। সম্প্রতি জমিদাতা ইসমাইল হোসেনের ছোট ভাই আবু সাঈদ মসজিদের জায়গা তাঁর নিজের বলে দাবি করেন।মসজিদ কমিটির সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক কে এম ওবায়দুল হক বলেন, ‘আমরা সাঈদকে অনেকবার বুঝিয়েছি।’আবু সাঈদ বলেন, এই সম্পত্তির মালিক আমরা দুই ভাই ও এক বোন। বড় ভাই আমার ও বোনের জমির অংশ কীভাবে মসজিদের নামে ওয়াক্ফ করে দেন, তা বোধগম্য নয়। তাই আমি আমার জায়গার দখল নিয়ে নিয়েছি।’