মনোহরদীতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ছাত্রের মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। ছাত্রটির নাম মাহফুজ মিয়া (১৭)।গত বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার কাহেতের গাঁও গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মাহফুজ মিয়া একই এলাকার মনির হোসেনের ছেলে। সে স্থানীয় বড়চাপা বহুমুখী আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।মনোহরদী থানার পুলিশ ও মাহফুজের পারিবারিক সূত্রে জানা গেছে, মনোহরদী উপজেলার কাহেতের গাঁও গ্রামে পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদ মিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এই অপরাধে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগও করেছে সে। এলাকার যুবসমাজ ও স্থানীয় গ্রামবাসী দীর্ঘদিন ধরে ফরিদের মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিল। মাদ্রাসাছাত্র মাহফুজ মিয়া প্রায়ই এর প্রতিবাদ জানাত। এ কারণে মাদক ব্যবসায়ী ফরিদ মিয়ার সঙ্গে মাহফুজ মিয়ার বিরোধ চলে আসছিল।এরই জের ধরে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে মাহফুজ মিয়া স্থানীয় বাজার থেকে বাড়িতে ফেরার পথে ফরিদ মিয়া ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মাহফুজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মনোহরদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।মাহফুজের চাচাতো ভাই নাসির উদ্দিন ওরফে বকুল বলেন, ‘মাদক ব্যবসার প্রতিবাদ করতে গিয়ে আমার ভাইকে মরতে হলো। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি কাউকে এভাবে মরতে হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ কী?’মনোহরদী থানার পরিদর্শক মনিরুজ্জামান জানান, ফরিদ মিয়া পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেশ কয়েকবার এই অপরাধে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর ফরিদ মিয়ার সঙ্গে মাহফুজদের পূর্বশত্রুতাও থাকতে পারে।