মনোহরদীতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে দুই ধর্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গত শুক্রবার রাতে উপজেলার লেবুতলা ইউনিয়নের শেখেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নলুয়া হাজি মালেক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রী নলুয়া গ্রামের মামার বাড়ি থেকে শুক্রবার রাত আটটার দিকে সিএনজিচালিত অটোরিকশায় গজারিয়ার নিজ বাড়িতে যাচ্ছিল। অটোরিকশাটি শেখেরগাঁও কমিউনিটি ক্লিনিকসংলগ্ন এলাকায় পৌঁছালে শামীম মিয়া, নোমান মিয়া, লিটন মিয়া, জাকির হোসেন ও রোমেল মিয়া নামের কয়েকজন বখাটে গাড়িটির গতিরোধ করে। এরপর স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে পার্শ্ববর্তী কলাখেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শামীম মিয়া ও নোমান মিয়া নামের দুই ধর্ষককে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছে।