মনোহরদীতে স্কুলের মাঠে গরুর সেই হাট বন্ধ
নরসিংদীর মনোহরদীর চালাকচর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে গরুর হাটের প্রস্তুতি বন্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শহিদুল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) শামীম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গতকাল প্রথম আলোয় ‘মনোহরদীতে স্কুলের মাঠে গরুর হাট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে হাটের প্রস্তুতি বন্ধ করে দেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চালাকচর বাজারের ইজারাদার মমতাজ উদ্দিন বাজারের নির্ধারিত গরুর হাটের পাশাপাশি বিদ্যালয়ের মাঠ ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠে বাঁশের খুঁটি পুঁতে হাট বসানোর প্রস্তুতি নেন তিনি। এ ঘটনায় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গতকাল সকালে স্কুলের মাঠ থেকে বাঁশের খুঁটি উঠিয়ে নেওয়া হয়।
প্রধান শিক্ষক মোস্তফা হোসেন বলেন, পত্রিকায় খবর ছাপা হওয়ার পর সকালেই ইজারাদারের লোকজন খুঁটি উঠিয়ে নিয়ে যান।
ইউএনও মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘বিকেলে আমরা স্কুলমাঠ পরিদর্শন করেছি। সেখানে কোনো খুঁটি পাওয়া যায়নি।’