মনোহরদীর সেই শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে মোশারফ হোসেন (২১) নামের এক শিক্ষার্থী আট দিন অসুস্থ থাকার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
অভিযোগ রয়েছে, ঈদের পরদিন ঘুরতে যাওয়ার পর মোশারফের চার সহপাঠী জোর করে তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই থেকে তিনি হাসপাতালে ছিলেন।
মোশারফ মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মাধুশাল এলাকার শাজাহান মিয়ার ছেলে। তিনি স্থানীয় পাঁচকান্দি ডিগ্রি কলেজে বিএ (পাস) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের পরদিন সহপাঠী সাহেদ, মাহমুদুল, সোহান ও রাহাতের সঙ্গে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে বেড়াতে যান মোশারফ। সেখানে সহপাঠীরা জোর করে তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ান। এতে অসুস্থবোধ করলে তিনি একা বাড়িতে ফিরে আসেন। পরে পরিবারের লোকজন তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়িতে ফিরে আসেন। পরদিন পুনরায় অসুস্থ হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গতকাল দুপুর সাড়ে ১২টায় তাঁর মৃত্যু হয়।
মোশারফের মৃত্যুর ব্যাপারে তাঁর পরিবারের লোকজন কোনো কথা বলতে চাননি। তবে স্থানীয় ইউপি সদস্য আবু তাহের বলেন, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে মোশারফের সহপাঠীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘সন্ধ্যায় আমরা খবরটি শুনে সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’