মনোয়ারার কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোদটা (ফাইলেরিয়া) বড্ড বেড়েছে। পায়ের প্রায় ১০ কেজি ওজন। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না তিনি। একরকম শুয়ে-বসে সময় কাটে তাঁর। মাত্র সাত বছর বয়সে পায়ে বাসা বেঁধেছিল রোগটি। ক্রমে তা গ্রাস করেছে গোটা পা। ভেঙে দিয়েছে সংসার। বিপর্যস্ত করে তুলেছে তাঁকে। তাঁর নাম মনোয়ারা বেগম (৩৭)। বাড়ি যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামে। বাবা মোসলেম গাজী ও মা বড়ু বিবি মারা গেছেন অনেক আগে। সেজো ভাইয়ের সংসারে থাকেন তিনি। মনোয়ারা জানান, সাত বছর বয়সের সময় বাম পায়ের পাতার ওপর টিউমারের মতো ছোট একটি গুটি হয়। আস্তে আস্তে তা বড় হতে থাকে। বর্তমানে এর ওজন প্রায় ১০ কেজি। এর মধ্যে খুব জ্বালা-যন্ত্রণা হয়। মাঝেমধ্যে জ্বর হয়। অস্বস্তি লাগে সব সময়। তিনি জানান, আগে তিনি কলসিতে পানি আনা, উঠোন ঝাড়ু দেওয়া, রান্না করা এবং থালাবাটি মাজার কাজ করতে পারতেন। গোদটি বড় হওয়ায় তিনি এখন কোনো কাজ করতে পারেন না। তিনি জানান, টাকার অভাবে ভালো চিকিৎসক দেখানো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। মনোয়ারা জানান, ২০ বছর বয়সে সেলিম নামের একজনের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামী-স্ত্রী মিলে মা-বাবার সংসারে থাকতেন। কিন্তু পায়ে গোদরোগ তিনি মেনে নিতে পারেননি। বিয়ের মাত্র এক সপ্তাহ পর তিনি পালিয়ে যান। আর ফিরে আসেননি।কথা বলতে বলতে দুই চোখে পানি জমে ওঠে মনোয়ারার। শাড়ির আঁচল দিয়ে দুই চোখ মুছতে মুছতে তিনি বলেন, ‘সব সময় এক মরণ যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। মাঝেমধ্যে মনে হয় মরে যাচ্ছি। না পারছি চিকিৎসা করাতে, না পারছি পা কেটে ফেলতে। পা-টা যদি না থাকত, তাও এ যন্ত্রণা থেকে রক্ষা পেতাম।’ অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কৃষ্ণ সাহা প্রথম আলোকে বলেন, ‘রোগটি ফাইলেরিয়া। গ্রামের লোকজন বলে গোদরোগ। এটা একটি মশাবাহিত রোগ। কিউলেক্স এই রোগের জীবাণু বহন করে। প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে এ রোগ ভালো হয়। তবে সময়মতো চিকিৎসা না করলে হাতির মতো পা হয়। শরীরের অন্যান্য অংশ ফুলে যায় এবং মোটা হয়।’