
মেয়র পদে মোহাম্মদ মন্জুর আলমকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে চট্টগ্রাম বিএনপি। তাঁর পক্ষে দলের নেতা-কর্মীদের কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে সকালে ঢাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, নির্বাচনও আন্দোলনের অংশ। সম্ভাব্য প্রার্থীদের মুক্তি, সভা-সমাবেশ, প্রচার-প্রচারণার স্বাধীনতাসহ লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা হলে বিএনপি নির্বাচনে যাবে।
গত বুধবার সন্ধ্যায় ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’ সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থী হিসেবে মন্জুর আলমের নাম ঘোষণা করে। তবে ওই অনুষ্ঠানে চট্টগ্রাম বিএনপির শীর্ষ কোনো নেতা উপস্থিত ছিলেন না।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, মেয়র পদে মন্জুর আলমকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সবাই মন্জুরের জন্য কাজ করবে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির পক্ষে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বর্তমান মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্জুর আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, নগর কমিটির সহসভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এস এম ফজলুল হক ও বর্তমান সদস্যসচিব কাজী হাছানসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘মন্জুরকে আবারও মেয়র পদে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশও চাই।’ তিনি জানান, মন্জুরের বিরুদ্ধে সিটি করপোরেশন নিয়ে কেউ দলবাজির অভিযোগ করতে পারবে না। তিনি নিরপেক্ষভাবে করপোরেশন চালিয়েছেন।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, মন্জুরের নির্বাচন পরিচালনাকারী কমিটির আহ্বায়ক করা হয়েছে আবদুল্লাহ আল নোমানকে। প্রধান নির্বাচনী এজেন্ট হবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দলীয় সূত্র জানায়, বৈঠকে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে উপস্থিত থাকার জন্য মুঠোফোনে আমন্ত্রণ জানানো হয়। তিনি সেখানে যাননি। ছাত্র ও যুবদলের নেতাদের মধ্যে শাহাদাত হোসেনের প্রভাব রয়েছে। দলের একটি অংশ তাঁকেই মেয়র প্রার্থী হিসেবে চেয়েছিল। মন্জুরকে প্রার্থী করায় দলের একটি অংশ তা সহজভাবে নেবে না বলে জ্যেষ্ঠ কয়েকজন নেতা আশঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর অনুসারী নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রথম আলোকে বলেন, ‘আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর পর মেয়র প্রার্থীর দাবিদার ছিলেন শাহাদাত হোসেন। চলমান আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। দল তাঁকে সমর্থন দেয়নি বলে নেতা-কর্মীরা ক্ষুব্ধ।’
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘শাহাদাত ভাই বাদ পড়ে যাওয়ায় আমরা হতাশ। নেতা-কর্মীরা বর্তমান প্রার্থীর জন্য কতটুকু কাজ করবে, সেটি সময় বলে দেবে।’
এ বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, দলের দু-একজন নেতা ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। আওয়ামী লীগের প্রার্থী নিয়েও নেতা-কর্মীদের মধ্যে ১০০ গুণ বেশি ক্ষোভ আছে। সেটা তো তাঁরা দেখাচ্ছেন না!
দলীয় সমর্থন পাওয়ার পর মন্জুর আলম দাবি করেন, ‘দলের সিদ্ধান্ত মেনে সব নেতা-কর্মীই তাঁর পক্ষে কাজ করবেন। দলের অনেকের মধ্যে অভিমান থাকতে পারে। তবে শেষ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হবে। তিনি বলেন, ‘নির্বাচন করাও একটি আন্দোলন। এই আন্দোলনে বিজয়ের কোনো বিকল্প নেই।’
আন্দোলনও চলবে: সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হলেও বিএনপি এটিকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। গতকাল সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি নির্বাচনে অংশ নিলে আন্দোলন স্থগিত করা হবে কি না, এ প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন, আন্দোলন চলবে। নির্বাচনও আন্দোলনের অংশ। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন হলেই কেবল আন্দোলন স্থগিত করা হবে।
এর আগে সকাল সোয়া আটটায় বিএনপির পক্ষ থেকে মাহবুবুর রহমান ও স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান বলেন, মানুষের ভোটের অধিকারের আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে যে পন্থায় সম্ভব সেই পন্থায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতি করে যাবে বিএনপি।
এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, খালেদা জিয়া অবরুদ্ধ, তাই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসতে পারেননি।