মন্জুরুল ইসলামের সংসদ সদস্যপদ বাতিলের দাবি
গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মন্জুরুল ইসলামের সংসদ সদস্যপদ বাতিলের দাবি করেছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১০টি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের এই জোট থেকে অবিলম্বে সাংসদকে খুঁজে বের করে শাস্তিরও দাবি জানিয়েছে।
জোটের পক্ষে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘একজন নির্বাচিত সাংসদ কী করে নিজের খেয়ালখুশিমতো গুলি ছোড়েন? পত্রপত্রিকায় এসেছে, সাংসদ মদ্যপ ছিলেন। এ ধরনের একজন ব্যক্তি কীভাবে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে এলেন? আমরাই বা কীভাবে তাঁকে নির্বাচিত করলাম? আমরা দেখেছি অপরাধ করার কারণে সংসদ সদস্যপদ বাতিল হয়েছে। আমরা চাই এই সাংসদের সদস্যপদ বাতিল হোক।’
সুলতানা কামাল বলেন, ‘যে পুলিশ কর্মকর্তা বলছেন সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাঁকেও দায়বদ্ধ করতে হবে। আশঙ্কা হয় তাঁকে হয়তো বিচারের জন্য আর খুঁজে পাওয়া যাবে না। না পাওয়া গেলে বুঝব তিনি প্রশাসনের সহযোগিতা পেয়েছেন।’
কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিনিধি নাসিমা আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী এসে সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন। তিনি আসার আগে প্রশাসন কেন ব্যবস্থা নিতে পারেনি? সাংসদরা কি সুপিরিয়র? তাঁদের জন্য আইন এক ধরনের আর সব মানুষের জন্য অন্য রকম? তিনি নাকি নিখোঁজ, আবার তাঁর অস্ত্রও জমা হলো।’
গুলিবিদ্ধ হওয়ার পরের যে অবস্থা তা-ও শিশুটির জন্য অনুকূল ছিল না বলে উল্লেখ করেন তেরে দেস হোমস প্রতিনিধি এহসানুল হক। তিনি বলেন, ‘গুলি ছুড়েও সাংসদের মনে এতটুকু সহানুভূতি হয়নি। তাঁর সঙ্গে গাড়ি ছিল। তিনি চাইলেই শিশুটিকে হাসপাতালে পৌঁছে দিতে পারতেন। তা না করে শিশুটিকে বহনকারী অ্যাম্বুলেন্স যেতে বাধা দেয় তাঁর লোকজন।’
শিশুরা ক্যাডারভিত্তিক রাজনীতির বলি হচ্ছে বলে উল্লেখ করেন সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক শামসুল আলম। তিনি বলেন, রাজনীতিতে ক্যাডারদের প্রাধান্য বেশি এবং এই ক্যাডাররা হত্যার নিত্যনতুন কৌশল দেখিয়ে শক্তিমত্তার প্রদর্শন করছেন।
জুলাই মাসে সাত দিনে সাতটি শিশু হত্যা, সিলেটে রাজন, খুলনায় রাকিবসহ প্রতিদিন শিশু খুন, জখম ও ধর্ষণের ঘটনা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। শিশু অধিকার ফোরামের সভাপতি এমরানুল হক চৌধুরী বলেন, মনে হয় পুরো জাতি যেন শিশুদের পেছনে লেগে আছে। সমাজের উচ্চপর্যায় থেকে নিচুস্তর পর্যন্ত কারও কাছে শিশু নিরাপদ নয়। সারা দেশের থানায় নারী ও শিশুবান্ধব পুলিশ কর্মকর্তা নিয়োগের প্রতিশ্রুতি দিলেও সরকার প্রতিশ্রুতি পালন করেনি। তিনি বলেন, শিশুদের প্রতি কেমন আচরণ করতে হবে সে সম্পর্কে পুলিশ যথেষ্ট সচেতন নয়।
ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় গৃহকর্মী নির্যাতনের ঘটনাও চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশনকে হতাশ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।