
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলমের অন্যতম দুটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল জলাবদ্ধতা নিরসন ও নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা৷ তবে মেয়র নির্বাচিত হওয়ার চার বছর পরও এই দুটি প্রতিশ্রুতি পূরণে তিনি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ নগরবাসীর৷
২০১০ সালের ১৭ জুন সিটি করপোরেশন নির্বাচনে মন্জুর আলম প্রায় এক লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের চট্টগ্রাম নগর শাখার সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেন।
নির্বাচনের আগে মেয়র মন্জুর আলম ৫৬ দফা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে ১৭টি ছিল স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ২৯টি দীর্ঘমেয়াদি৷ এসব প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন নগর উপহার দেওয়া৷ কিন্তু কোনোটিই পূরণ করতে পারেননি তিনি৷
করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের জলাবদ্ধতা নিরসনে গত চার বছরে ব্যয় হয়েছে ১৪৭ কোটি ৮২ লাখ টাকা। কিন্তু এর সুফল পায়নি নগরবাসী। গত ১১ মে কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ডুবে যায় নগরের ষোলশহর, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, প্রবর্তক মোড়, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, হালিশহর, চকবাজার, বাদুড়তলা, কাপাসগোলা, পাঁচলাইশ, চাক্তাই, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা৷ বছরের পর বছর ধরে বর্ষা মৌসুমে এসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়৷ এবারও তার ব্যতিক্রম হয়নি।
আগ্রাবাদ আবাসিক এলাকার বাসিন্দা প্রীতম ভট্টাচার্য প্রথম আলোকে জানান, স্বাভাবিক সময়ে জোয়ারের পানিতে পুরো এলাকা তলিয়ে যায়। আর বৃষ্টির সময় অবস্থা আরও খারাপ হয়ে যায়। একটু বেশি বৃষ্টি হলে পানি নিচতলার বাসায় ঢুকে যায়। দীর্ঘদিন ধরে এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি৷
নগরের পশ্চিম বাকলিয়ার আতুরার দোকান এলাকার বাসিন্দা আনিকা ইখতিয়ার জানান, এই এলাকার অবস্থা খুব খারাপ। নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। সামান্য বৃষ্টিতে পুরো এলাকা ডুবে যায়।
নগর পরিচ্ছন্নতার ক্ষেত্রেও মেয়র মন্জুরের আমলে তেমন উন্নতি হয়নি বলে অভিযোগ নগরবাসীর৷ নগরের বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতের ওপর বর্জ্য ফেলার কনটেইনার রাখা হয়েছে। এসব কনটেইনার থেকে ময়লা-আবর্জনা উপচে পড়ার চিত্র নিয়মিত। বর্জ্য-ব্যবস্থাপনার এই চিত্র দেখা যায়, নগরের অধিকাংশ এলাকাজুড়ে। বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া সত্ত্বেও এই অবস্থার পরিবর্তন হয়নি।
সরেজমিনে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের রিয়াজউদ্দিন বাজারের তিনপোলের মাথা, চকবাজার, দেওয়ানবাজার, কািজরদেউড়ি কাঁচাবাজার, জিইসি মোড়, জামালখান, মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালের সামনে, বহদ্দারহাট কাঁচাবাজারের পাশে, ঘাটফরহাদবেগ, হালিশহরের ওয়াপদা গেটের সামনে এবং নয়াবাজার
কাঁচাবাজারের পাশের রাস্তায় দিনের বেশির ভাগ সময় ময়লা-আবর্জনা পড়ে থাকে।
নগরের তিনপোলের বাসিন্দা প্রবাল দে জানান, এলাকায় রাখা কনটেইনারে যে পরিমাণ বর্জ্য জমে, তা সময়মতো অপসারণ করা হয় না। রাতে কনটেইনারের আশপাশে মাদকসেবীদের আড্ডা বসে। এতে ফুটপাত দিয়ে হাঁটা যায় না। এলাকাবাসীকে প্রতিদিন একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মেয়র মন্জুর আলম সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘গত চার বছরে আমরা কী কী করেছি, তার হিসাব করা হচ্ছে। এই হিসাব ঈদের পর নগরবাসীকে অবহিত করা হবে।’ জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে তিনি জানান, জলাবদ্ধতা নিরসনের জন্য ২৯৭ কোটি টাকা ব্যয়ে নতুন খাল খননের প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে।
পরিচ্ছন্নতা বিষয়ে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে জানান, জনবল সংকটের কারণে অনেক এলাকায় সময়মতো বর্জ্য পরিষ্কার করা সম্ভব হয় না। তবে নগর পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান বলেন, ‘মন্জুর আলম নির্বাচনের আগে জলাবদ্ধতা নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে জোর দিয়েছিলেন। এ জন্য তিনি বিভিন্ন উদ্যোগ নিলেও তার কার্যকর ফল আমরা পাইনি।’ সচেতন নাগরিক কমিটি, চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘করপোরেশনের একার পক্ষে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়। কিন্তু করপোরেশন এ সমস্যা নিরসনে অন্যান্য সেবা সংস্থাগুলোকে সম্পৃক্ত করতে কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই। পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে মান ছিল, গত চার বছরে তা ক্রমেই অবনতি হয়েছে।’