মন্জুরের জন্য ভোট চাইলেন বিএনপির তরুণ নেতারা
মেয়র পদে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের পক্ষে গতকাল রোববার বিএনপির তরুণ নেতারা গণসংযোগ করেন। বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিনসহ একাধিক তরুণ নেতা আগ্রাবাদ এলাকায় গণসংযোগে অংশ নেন। ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবরও। গণসংযোগকালে তাঁরা মন্জুরের জন্য ভোট চান।মন্জুরের সঙ্গে শিল্পী আসিফ ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও জাতীয় পার্টির (নাজিউর) চট্টগ্রাম মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম গণসংযোগে অংশ নেন। সকালে লালখান বাজারের বাঘঘোনা, মতিঝর্ণা, দামপাড়া পুলিশ লাইন এবং গরীব উল্লাহ শাহ আবাসিক এলাকায় গণসংযোগ করেন মন্জুর। এ সময় তাঁর পাশে থাকা নোমান কারচুপি মোকাবিলার জন্য ভোট গণনা শেষে ফলাফল প্রকাশিত না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে দলীয় নেতা-কর্মী, ভোটারসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।গণসংযোগের একপর্যায়ে দুপুরে নগরের লালখান বাজার জামেয়া দারুল উলুম মাদ্রাসায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম ও অন্য নেতাদের সঙ্গে মতবিনিময় করেন মন্জুর।