মন্জুরের পক্ষে বিএনপির নেতাদের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম গতকাল শুক্রবার গণসংযোগের পাশাপাশি মতবিনিময় করেছেন। বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমানসহ বিএনপির নেতারা তাঁর পক্ষে গণসংযোগ করেন।সকালে মন্জুর তাঁর বাসায় জাতীয়তাবাদী ওলামা দলের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি হালিশহর, দক্ষিণ মধ্যম হালিশহর ও দক্ষিণ হালিশহর এলাকায় গণসংযোগ করেন। এরপর তিনি চট্টগ্রামের চাঁদপুর সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরে তিনি ফটিকছড়ি গাউসুল আজম মাইজভান্ডারীর কবর জিয়ারত করেন। মন্জুর বিকেলে জালালাবাদ, বালুচরা ও নাসিরাবাদ শিল্প এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় তিনি পতেঙ্গা এলাকায় গণসংযোগ করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সকাল থেকে বহদ্দারহাট, কাপাসগোলা, মুরাদপুর, রিয়াজউদ্দিন বাজার ও পাহাড়তলী এলাকায় মন্জুরের পক্ষে গণসংযোগ করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন বহদ্দারহাট চত্বরে পথসভা করেন। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, ছাত্রদলের সহসভাপতি হায়দার আলী প্রমুখ।বাংলাদেশ শিশু উন্নয়ন মানবাধিকার ফোরামের নেতারা মন্জুরের পক্ষে আন্দরকিল্লা, কদম মোবারক, চেরাগী পাহাড় এলাকায় গণসংযোগ করেন। তাঁরা প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর বাসায় গিয়ে তাঁর হাতে আনারস তুলে দেন এবং আনারস প্রতীকের পক্ষে তাঁর আশীর্বাদ চান।