মন্জুরের বিরুদ্ধে মহিউদ্দিনের অভিযোগ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী এম মন্জুর আলমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তিনটি লিখিত অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল শুক্রবার বিকেলে তিনি অভিযোগগুলো দেন। অভিযোগের মধ্যে আছে বিদ্যুৎ চুরির দায়ে মন্জুর আলমের দণ্ডিত হওয়া, গ্যাস চুরির কারণে জরিমানা দেওয়া এবং খালেদা জিয়ার সঙ্গে ফোনে কথা বলে আচরণবিধি লঙ্ঘন করা। তাই মন্জুরের মনোনয়নপত্র বৈধ কি না তা খতিয়ে দেখতে মহিউদ্দিন চৌধুরী নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান। দুপুরে নন্দনকাননে নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন চৌধুরী। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়ার কথাও জানান।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সাংসদ মোশাররফ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নূহ আলম লেনিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, মন্জুর আলম নিজের মালিকানাধীন সিমেন্ট কারখানায় বিদ্যুৎ চুরির দায়ে ২০০৭ সালে ১৮ লাখ টাকা জরিমানা দেন। এর আগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। বিদ্যুতের মিটার কারসাজি (টেম্পারিং) করে তিনি এই বিদ্যুৎ চুরি করেছিলেন। একইভাবে বাখরাবাদ গ্যাস সিস্টেমের গ্যাস চুরির অভিযোগে তাঁর অন্য একটি প্রতিষ্ঠান ৩২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছে। ১৯৯৯ সালের ৩০ জানুয়ারি মন্জুরের এই জরিমানা হয়।এসব অভিযোগের বিষয়ে মন্জুর আলমের সঙ্গে তিনবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। মন্জুরের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অভিযোগ সম্পর্কে তেমন কিছু জানি না। তাই মন্তব্য করতে পারছি না।’