মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাদের বিষয়ে দেওয়া অবমাননাকর মন্তব্য দ্রুত প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মন্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে কয়েক দিন আগে অ্যামনেস্টিকে চিঠি দেওয়া হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে চিঠিটি সেখানে অ্যামনেস্টির কার্যালয়ে পাঠানো হয়।
মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার আসন্ন চূড়ান্ত রায়কে কেন্দ্র করে গত ২৭ অক্টোবর একটি বিবৃতি দেয় অ্যামনেস্টি। এতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় ‘স্বাধীনতার সপক্ষের শক্তিও’ অনেক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিল। কিন্তু তাঁদের কারও বিরুদ্ধে তদন্ত হয়নি বা বিচারের আওতায় আনা হয়নি।
সরকার বলেছে, অ্যামনেস্টির মন্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি ভয়ানক অবমাননাকর। ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, এখনো বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরোধিতা করে চলেছে এবং মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পক্ষ নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে, অ্যামনেস্টিও তাদের মতো কাজ করেছে।