মন্তব্যে কষ্ট ও ক্ষোভের প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর জরিপে করা মন্তব্যে নাগরিকেরা তাঁদের কষ্টকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। প্রায় ১ হাজার ৯০০ ব্যক্তি জরিপের মন্তব্যের ঘরে নিজেদের কষ্টের কথা জানান। মশা মারার ওষুধ ছিটানো নিয়ে তীব্র অসন্তুষ্টির কথা জানিয়েছেন বেশির ভাগ অংশগ্রহণকারী। জরিপে অংশগ্রহণকারীদের কিছু মন্তব্য তুলে ধরা হলো—
সোহরাওয়ার্দী হাসপাতালে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত সালেহা ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি l ছবি: প্রথম আলো
সোহরাওয়ার্দী হাসপাতালে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত সালেহা ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি l ছবি: প্রথম আলো

চিকুনগুনিয়া নিয়ে মেয়রের কোনো মাথাব্যথা নেই। মশার ওষুধ না ছিটিয়ে তাঁরা ব্যস্ত প্রচারপত্র বিতরণ কিংবা মসজিদে ইমামদের মাধ্যমে সচেতনতা তৈরির কাজে। আরে ভাই, মশার ওষুধ ছিটান, নিজেদের কাজটা আগে করেন। তারপর মানুষকে সচেতন করেন

—মোরশেদ নোমান, আদাবর

চিকুনগুনিয়া থেকে বাঁচার জন্য আমরা সব সময় কয়েল ব্যবহার করি এবং দরজা-জানালা বন্ধ করে রাখি। কারণ, আমাদের প্রতিবেশীদের মধ্যে বেশির ভাগই এ রোগে আক্রান্ত হয়েছে

—মাইশা মালিহা, গুলশান

মশার ওষুধ কখনো দিতে দেখি নাই। মেয়রকে ধন্যবাদ

—মুরাদুজ্জামান মুহিদ, পল্লবী

গত ৮ জুলাই থেকে আমি চিকুনগুনিয়ায় আক্রান্ত, এখনো প্রচণ্ড অসুস্থতা বোধ করছি। আমি চিকিৎসা নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক দেখিয়েছি। কিন্তু তাঁরা সরকারি চিকিৎসক, এতটা গুরুত্ব দিয়ে দেখেন না। আমাকে ইন্টার্ন ডিউটি ডাক্তার দেখেছেন, মূল ডাক্তার বসে ছিলেন। কোনো পরামর্শও দেননি। ২০০ টাকার টিকিট কেটে বিকেলে দেখিয়েছি

—তানিয়া জাহান, পল্লবী

প্রতিরোধ শুধু টিভি আর পত্রিকাতেই সীমাবদ্ধ

—মোহাম্মদ মনজুরুল হক, মিরপুর

আমাদের পরিবারের ৩ জন সদস্য আক্রান্ত হয় মে মাসের ১২ থেকে ১৬ তারিখের ভেতর। এর মাঝে আমার শাশুড়ি স্কয়ারে ভর্তি হন। আমি ও আমার মেয়ে বাসায় অবস্থান করি। লেক সার্কাস এলাকায় জুলাইয়ের প্রথম সপ্তাহের আগে আমি মশার ওষুধ দিতে দেখিনি। আমি এখনো স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না। আর্থিক ও দৈহিক যে ক্ষতি হয়েছে, সেটা বাংলাদেশের কোনো সংস্থা পূরণের ক্ষমতা রাখে না। মনে হয় এতিমের দেশে আছি। এতিম এক শহর

—শারমিন সোমা, কলাবাগান

শত্রুরও যেন এই রোগ না হয় (ব্যথা আর ব্যথা...)

—রেজা ইসলাম, কলাবাগান

সরকার ব্যবস্থা তখনই নেবে—যখন জনগণ অতিষ্ঠ হয়ে যাবে। মহামারি আকার ধারণ করার পর, যখন ভিআইপিরা আক্রান্ত হবে তখন সরকার পদক্ষেপ নেবে, তার আগে নয়—ফরিদ আহমেদ, আদাবর

মশার ওষুধের বদলে পেট্রল আর পানি দিয়ে লোক দেখানো সমাজসেবা চলে

—আদনান ফিরোজ, ওয়ারী

সিটি করপোরেশনে জনবল বাড়ান। মশা নিধনে আধুনিক ও নিরাপদ পদ্ধতির প্রয়োগ করুন। আমাদের সুস্থভাবে বাঁচার অধিকার নিশ্চিত করুন—গাজী সাদেক, ওয়ারী

এটাকে মহামারি বলা যাবে না কিছুতেই। কারণ যাঁরা বলবেন, তাঁদের এখনো হয়নি

—সোহেল রানা, ধানমন্ডি

এটা এখন বড় ধরনের সংকট। এডিস মশার উৎস ধ্বংস করতে সরকারের উচিত সেনাবাহিনীকে কাজে লাগানো। সম্প্রতি শ্রীলঙ্কা সরকার এই কাজ করেছে

সরকারের পক্ষ থেকে কোনো রকম লক্ষণীয় পদক্ষেপ আমরা দেখিনি। বিষয়টি নিয়ে চুপচাপ বসে আছি আমরা। তার কারণ কি মানুষ মারা যাচ্ছে না, তাই? কিন্তু কত মানুষ অবর্ণনীয় যন্ত্রণায় ভুগছে তা কি সরকার জানে? নাকি জেনেও চুপ করে বসে আছে? আর আমরা সাধারণ মানুষেরাই বা কতটুকু সচেতন হয়েছি?

—মুসবাহ মাহাদি, মোহাম্মদপুর

নয় বছরের মধ্যে এক দিনের জন্যও খিলজি রোড, মোহাম্মদপুরে মশা মারার ওষুধ দিতে দেখিনি। এমনকি চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার পরও না। আমি খুব বিরক্ত সিটি করপোরেশনের দায়িত্বশীলদের ওপর—মো. ইসলাম,  মোহাম্মদপুর

তীব্র ব্যথায় দু মাস ধরে প্রায় পঙ্গু জীবনযাপন করছি। ওষুধ জ্বর কমানো ছাড়া তেমন কাজ করেনি। স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশন এ ব্যাপারে যথাযথ দায়িত্ব পালন করেনি—বিশ্বজিৎ সাহা, রমনা

মশার ওষুধ দিতে দেখেছি, কিন্তু সেগুলো আসলেই ওষুধ নাকি শুধু কেরোসিন সেটিই প্রশ্ন

মশা প্রতিরোধ আরও আগে থেকে শুরু হওয়া উচিত ছিল। এখনো তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ে না...সিটি করপোরেশন পুরোপুরি উদাসীন

সিটি করপোরেশনের কর্মীদের মিরপুরের ওপরের দিকে মশার ওষুধ দিতে দু-একবার দেখলেও মাজার রোড, গাবতলী এলাকায় প্রায় যায়ই না। আমি অন্তত দেখিনি। আর বিষের মান নকল করে ফেলার কারণে মশা মরে না কেবল তাড়ানো হয় এবং এই তাড়ানো মশাগুলো ঢাকার ভাটি অঞ্চলে গিয়ে ভিড় করে এবং সেই স্থানের মানুষের অবস্থা বেগতিক হয়

মন্তব্য  করার মতো কিছু নেই। কী যে যন্ত্রণা আর ব্যথা! ১০০ শব্দের মধ্যে শেষ করা যাবে না

—সুমন কাজী, খিলগাঁও

মেশিনে খালি ধোঁয়া আর আওয়াজ। ওষুধ নেই। রাস্তা থেকে সিটি করপোরেশনের লোক ডেকে পুরো বাসায় ওষুধ দেয় এবং ধোঁয়া চলে যাওয়ার পর দেখি মশা ভনভন করছে—আলিফ রিফাত, সূত্রাপুর

পরিবেশ রক্ষায় রাষ্ট্রের ব্যর্থতার মাশুল চিকুনগুনিয়া!

—এসএসআই খান, সূত্রাপুর

দুর্ভাগ্য আমাদের, এমন শহরে বাস করি

—নাসিমা মিতু, শেরেবাংলা নগর

চিকুনগুনিয়ায় যদি মানুষ মারা যেত, তাহলে কর্তৃপক্ষের টনক নড়ত! যে রোগে মানুষই মারা গেল না, সেটা আবার অসুখ হলো নাকি? একটা রোগ মহামারি আকার ধারণ করল, সরকারের কোনো মাথাব্যথা দেখছি না। আজব এক দেশ! যেখানে মৃত্যুর সংখ্যার ওপর নির্ভর করে পরিস্থিতির ভয়াবহতা!

বেদনাদায়ক এই রোগটিকে সরকার একদমই গুরুত্ব দিচ্ছে না। সিটি করপোরেশন শুধু অভিজাত এলাকা গুলশান-বনানী নিয়ে ব্যস্ত। অন্য এলাকাতেও মানুষ থাকে, তাই না

—কাজী সোহেল, কাফরুল

সিটি করপোরেশনের কর্মীরা দায়িত্বশীল নন, তদুপরি এলাকার বাড়ির মালিক এবং এলাকাবাসীও সচেতন নন তাঁদের আশপাশের পরিচ্ছন্নতা রক্ষায়

এখন এটা ঢাকা সাউথ সিটি করাপশন—হামিদ রুবেল, বংশাল

হয়তোবা মশাও আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবে। তাই তাদের জীবিত থাকার সুব্যবস্থা করা হচ্ছে—আবু মাসুম, হাজারীবাগ

মশা নিধনের টাকাটা অন্তত কাজে ব্যয় করেন। অন্য খাতের গুলো তো খাচ্ছেনই!—স্বপ্নিল ইয়াকুব, যাত্রাবাড়ী