মন্তব্যের আগে ইউরোপ-আমেরিকার দিকে তাকান, বিএনপিকে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেছেন, দেশের করোনা–পরিস্থিতি নিয়ে মন্তব্য করার আগে ইউরোপ-আমেরিকা-ভারত-পাকিস্তানের পরিস্থিতির দিকে তাকান। তাহলেই তাদের তুলনায় দেশের পরিস্থিতিটা বোঝা যাবে।
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় দেশের গণমাধ্যম বিষয়ে মন্তব্যকারী কূটনীতিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, অন্যের বিষয়ে বলার আগে নিজের দেশের প্রশ্নগুলো নিরসন করাই শ্রেয়।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের সময়োচিত নানা পদক্ষেপের কারণে এখনো অনেক দেশের তুলনায় দেশের পরিস্থিতি ভালো। কিন্তু যেকোনো পরিস্থিতিই তৈরি হতে পারে, মারাত্মক আকারও ধারণ করতে পারে। সে জন্যও সরকার নানা ধরনের প্রস্তুতি নিয়েছে এবং নিচ্ছে। জনগণকে প্রতিদিন পরিস্থিতি অবহিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা ইতিমধ্যে প্রায় এক কোটি মানুষের কাছে ত্রাণ ও নগদ সহায়তা পৌঁছে দিয়েছেন। এটি অব্যাহত রয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপি নেতাদের বক্তব্য উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তাঁদের এই কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, সরকারের ভালো উদ্যোগগুলো যাতে বাধাগ্রস্ত হয়। সেই লক্ষ্য নিয়েই তাঁরা এসব কথা বলছেন। অথচ এই সময় বাদানুবাদের রাজনীতি কোনোভাবেই কাম্য নয়।
তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশে সব রাজনৈতিক দল এই দুর্যোগের মধ্যে সরকারকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে কংগ্রেস সভাপতি ও বিরোধী কংগ্রেস জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধী চিঠি দিয়ে সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেছেন এবং সরকারকে এই বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা করার জন্য জানিয়েছেন। অথচ দেশে বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতারা এই কাজ করতে ব্যর্থ হয়েছেন।