মন্তব্যের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তবে মন্তব্য করার ক্ষেত্রে ভবিষ্যতে তাঁকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জাফরুল্লাহ চৌধুরীর নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এ আদেশ দেন।
গত ৬ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার এ অভিযোগ আনেন তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের দুজন সংগঠক।
পরদিন বাদীপক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, গত ১০ জুন আদালত অবমাননার দায়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন ট্রাইব্যুনাল-২। ওই দিন রায়ের পর আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে ট্রাইব্যুনাল-২-এর বিচারকদের সম্পর্কে কটূক্তি করেন।
এরপর ১২ জুলাই আদালত তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন। ৮ আগস্ট ওই নোটিশের জবাবে জাফরুল্লাহ চৌধুরী তাঁর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান।
১০ আগস্ট জাফরুল্লাহ চৌধুরীর নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করার জন্য ট্রাইব্যুনালে আরজি জানান তাঁর আইনজীবী। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী আদালত অবমাননার জন্য তাঁর শাস্তি দাবি করেন।
দুই পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য গত রোববার দিন ধার্য করেছিলেন। পরে আদেশের জন্য ১ সেপ্টেম্বর তারিখ পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল-২।
এর আগে সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার সাজা দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন তিনি এজলাসে দাঁড়িয়ে থেকে সাজা ভোগ করলেও অর্থদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। এরপর নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৮ জুলাই তাঁর অর্থদণ্ড বাতিল করেন আপিল বিভাগ।