সরকারের কোনো মন্ত্রণালয় বা সংসদীয় স্থায়ী কমিটি সাংসদদের কোনো ধরনের নির্দেশনা দিতে পারে না। কিন্তু সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি সাংসদদের নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। গতকাল সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় সরকারি দলের সাংসদ রফিকুল ইসলাম এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রুলিং চেয়ে রফিকুল ইসলাম বলেন, ‘গত ২২ এপ্রিল সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটি বৈঠকের কথা উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় আমার কাছে তথ্য চেয়ে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, সাংসদদের নিজ নিজ এলাকায় এতিমখানাগুলোর প্রকৃত ছাত্রছাত্রী সংখ্যা কত, এগুলো যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, সেখানে রাজনৈতিক বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বিরাজমান কি না—বিষয়গুলো তদারকি করে সংসদীয় কমিটিকে প্রতিবেদন দেবেন।’
রফিকুল ইসলাম বলেন, সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৮ বিধিতে স্থায়ী কমিটির কাজ সম্পর্কে বলা হয়েছে। কোনো স্থায়ী কমিটিকে এমন কোনো দায়িত্ব দেওয়া হয়নি যে, তারা কোনো সাংসদকে এ ধরনের কোনো দায়িত্ব দেবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের সব উপজেলায় নিজস্ব লোকজন রয়েছে। এতিমখানার কর্মকাণ্ড ঠিকমতো পরিচালিত হচ্ছে কি না, তা তদারকির দায়িত্ব সেই অধিদপ্তরের। এ দায়িত্ব সাংসদদের ওপর চাপিয়ে দেওয়ার এখতিয়ার তাদের নেই। সাংসদদের একমাত্র স্পিকার ও সংসদ নেতা নির্দেশনা দিতে পারেন।
কোনো স্থায়ী কমিটি এ ধরনের নির্দেশনা সাংসদদের দিতে পারেন না উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, ‘শুধু এই মন্ত্রণালয় নয়, মাঝে মাঝে আমরা অন্যান্য মন্ত্রণালয় থেকেও এই ধরনের নির্দেশনা পাই—আপনারা এটা করবেন, ওইটা করবেন ইত্যাদি। সংসদীয় কমিটি বা মন্ত্রণালয় সহযোগিতা চাইতে পারে, নির্দেশনা দিতে পারে না।’
তবে স্পিকার এ বিষয়ে কোনো রুলিং দেননি।