মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কান্দিরপাড়ে মার্কেট নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকার সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে নির্মাণাধীন ‘সিটি মার্কেট’ সরিয়ে নেওয়ার চিঠির জবাব দিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ ওই চিঠির জবাব দেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ওই মার্কেট নির্মাণ করা হচ্ছে। এর আগে গত ২৩ আগস্ট কুমিল্লা সিটি করপোরেশনকে সাত দিনের মধ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে ভূমির দখল ছেড়ে দেওয়ার জন্য আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চিঠি দেন। ১ সেপ্টেম্বর ওই চিঠির জবাব দেওয়া হয়।

প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ তাঁর লিখিত জবাবে বলেন, ১৯৬৫ সাল থেকে ভাড়াটিয়া চুক্তির স্মারক মতে ওই জায়গার পুরোনো মার্কেট কুমিল্লা সিটি মার্কেট করপোরেশনের অধীনে রয়েছে। ২০১১ সালের ৯ আগস্ট পুরোনো মার্কেটের ছাদ ধসে কয়েকজন লোক আহত হন। এরপর ২০১১ সালের ২২ সেপ্টেম্বর ওই মার্কেট ভেঙে নতুন করে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। নির্মাণাধীন সিটি মার্কেটের ভূমির বিষয়ে বিএস জরিপ চলাকালে দীর্ঘ সময় দখলের বিবেচনায় কুমিল্লা সিটি করপোরেশনের নামে খতিয়ান সৃষ্টি হয়। এরই আলোকে ওই স্থানে ছয়তলাবিশিষ্ট মার্কেট নির্মিত হচ্ছে।

আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, ‘ওই দপ্তরের অধিভুক্ত ২৪২ নম্বর ছোটরা মৌজার ১ নম্বর খতিয়ানের ১৪৯৩ দাগে ৩২ দশমিক ৫০ শতক জায়গার ওপর কুমিল্লা সিটি করপোরেশন অবৈধভাবে ছয়তলাবিশিষ্ট মার্কেট নির্মাণ করছে। খাসজমি অবৈধভাবে দখল করে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বেআইনিভাবে মার্কেট নির্মাণ আইনের পরিপন্থী। এরই প্রেক্ষিতে ওই চিঠি দেওয়া হয়েছে। আমরা চিঠির জবাব পেয়েছি।’

২০১৩ সালের ১৮ আগস্ট কুমিল্লা নগরের কান্দিরপাড় সড়কের ওপর ও এর লাগোয়া অংশে সিটি করপোরেশন মার্কেট নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ১৫ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৭২৫ টাকা প্রাক্কলিত ব্যয়ে ওই মার্কেট নির্মাণ করা হচ্ছে।

কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, প্রশাসন চিঠির জবাব পেয়েছে।