মন্ত্রণালয়ের প্রতিবেদনের পরও ভূমিদস্যুরা প্রকাশ্যে ঘুরছে!
বান্দরবানে নাইক্ষ্যংছড়ির বাদুরঝিড়ি চাকপাড়া উচ্ছেদ ও ভূমি দখলের ঘটনায় পার্বত্য মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদনে জেলাব্যাপী তোলপাড় হলেও ভূমিদস্যুদের গ্রেপ্তার ও দখল হওয়া ভূমি উদ্ধারে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে চিংহ্লামং চাকসহ অন্যরা অভিযোগ করেছেন।
দখলদারেরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তদন্ত প্রতিবেদনে গ্রেপ্তারের জন্য সুপারিশ করা ১৪ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
বিষয়টি সরেজমিনে দেখার জন্য গতকাল রোববার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর উশৈচিং বাইশারি গেছেন। সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমান বাইশারিতে কোনো আওয়ামী লীগ নেতা ভূমি দখলের সঙ্গে জড়িত নেই দাবি করে সংবাদ সমেঞ্চলন করেছেন।
আগামী বুধবার জেলা প্রশাসন বান্দরবানের বিরাজমান ভূমি সমস্যা ও সমাধানের উপায় খুঁজে বের করার জন্য মৌজার হেডম্যান, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছেন।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেছেন, বাদুরঝিড়ি চাকপাড়ায় ১৪টি পরিবার থেকে ১০টি পরিবার পাড়া থেকে উচ্ছেদ হয়েছে। চারটি পরিবার এখনো সেখানে রয়েছে। তাদের নিজ স্থানে পুনর্বাসনের জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু পরিবারগুলো সেখানে যেতে রাজি হচ্ছে না। বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে কাজী মজিব বলেন, জনসংহতি সমিতি, বিএনপি ও জামায়াতে ইসলামী স্থানীয় আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছে। তারা ভূমি দস্যুদের কাছে শত শত একর জমি বিক্রি করে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা বলেছেন, চাকপাড়া উচ্ছেদ ও কাজী মজিবের সংবাদ সমেঞ্চলন সম্পর্কে কোনো কিছুই তার জানা নেই। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন, মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রদানের পর বাদুরঝিড়ি পাড়াপ্রধান খিঝারি চাক একটি মামলা করেছেন। ওই মামলায় রামু গর্জনিয়া থেকে গ্রেপ্তার সুরত আলম অনেক তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক ১৪ জনসহ অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর কথা সত্য নয় বলে তিনি জানান।