ছয় বছরেও নিজস্ব আয় না বাড়ায় মন্ত্রণালয় থেকে খুলনা ওয়াসাকে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
খুলনা ওয়াসা সূত্রে জানা গেছে, প্রতি মাসে খুলনা ওয়াসার রাজস্ব আয় ১২ লাখ টাকা। আর কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ ৩৮ লাখ, বিদ্যুৎ বিল বাবদ ১৫ লাখ এবং নলকূপের যন্ত্রাংশ ক্রয়, জ্বালানি খরচ এবং আনুষঙ্গিক অন্যান্য খরচসহ প্রতি মাসে মোট ব্যয় হয় প্রায় এক কোটি টাকা। ২০০৮ সালের ৫ মার্চ খুলনা ওয়াসা প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মঞ্জুরি সাহায্য নিয়ে চলেছে সংস্থাটি। তখন গ্রাহক ছিল ১২ হাজার ৪৮ জন। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১২ জনে। গত ছয় বছরে গ্রাহক বেড়েছে মাত্র তিন হাজার ৩৩৬ জন। ঠিকমতো পানি না পাওয়ায় প্রায় তিন হাজার গ্রাহক তাঁদের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। নতুন প্রতিষ্ঠান হিসেবে ২০১১ সালের জুন মাস পর্যন্ত ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও আনুষঙ্গিক খরচ মন্ত্রণালয় বহন করেছে। এরপর থেকে নিজস্ব আয় দিয়ে প্রতিষ্ঠানটির চলার কথা। কিন্তু ছয় বছরেও প্রতিষ্ঠানটির নিজস্ব আয় বাড়েনি। এ অবস্থায় গত নভেম্বর মাস থেকে ওয়াসার ২৭৮ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খুলনা ওয়াসার হিসাব বিভাগ থেকে জানা গেছে, ২০১২ সাল থেকেই নিজস্ব আয় দিয়ে ব্যয় নির্বাহ করার জন্য মন্ত্রণালয় থেকে তাগিদ দেওয়া হচ্ছে। গত এপ্রিল মাসে অনুষ্ঠিত সর্বশেষ বাজেট সভায় আগস্ট মাসের মধ্যে নিজস্ব আয় বাড়ানোর জন্য খুলনা ওয়াসাকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেপ্টেম্বর মাস থেকে বেতনভাতা, বিদ্যুৎ বিলসহ রক্ষণাবেক্ষণ খাতের সব রকম বরাদ্দ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
নাম প্রকাশ না করার শর্তে খুলনা ওয়াসার একাধিক কর্মকর্তা জানান, প্রয়োজনীয় পানি সরবাহ করতে না পারা, নগরের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা এবং পাম্পগুলো মাঝেমধ্যে অকেজো হয়ে পড়াসহ নানা সমস্যায় ভুগছে খুলনা ওয়াসা। সে কারণে গ্রাহকও বাড়ছে না।
খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের আয় না বাড়ায় মন্ত্রণালয়কে অনেক বুঝিয়ে প্রতি মাসে বেতন ও বিদ্যুৎ বিলের টাকা ছাড় করাতে হচ্ছে। আমি মন্ত্রণালয়কে এটা বোঝাচ্ছি যে নতুন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ওয়াসা তার নিজস্ব আয় দিয়ে চলতে পারবে। তা ছাড়া অনেকে নিজস্ব টিউবওয়েল বসিয়ে ওয়াসার লাইন বিচ্ছিন্ন করেছে।’
ঢাকা ও সিলেট ওয়াসার সঙ্গে তুলনা করে মো. আবদুল্লাহ বলেন, ‘প্রতিষ্ঠার ৫২ বছর পর তারা (ঢাকা ও সিলেট) নগরে ৪৫ শতাংশ পানি সরবরাহ করছে। আর সেখানে আমরা মাত্র ছয় বছরে একই পরিমাণ পানি সরবরাহ করছি।’