মন্ত্রণালয়ের ৮০ ভাগ কাজই পেঁয়াজকে ঘিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ৮০ ভাগ কাজই এখন পেঁয়াজকে ঘিরে। আজ বুধবার সংসদে শাহিদা তারেখের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের ৮০ ভাগ কনসেনট্রেশন এখন পেঁয়াজের ওপর। বাজার স্থিতিশীল রাখার জন্য আমরা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছি। পেঁয়াজ আমদানির জন্য মিয়ানমার, চীন ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু ভারত থেকে আনলে ভালো হয়। কারণ মিয়ানমার, চীন ও পাকিস্তানে পেঁয়াজের উত্পাদন কম।’

বাজারে পণ্যের দাম ঠিক রাখা টিসিবির কাজ, উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা ফোর্স করে দাম কমাতে পারি না। বাজারের মূল শক্তি বেসরকারি খাত। তাই দাম ঠিক রাখার জন্য বাজারে ২০ থেকে ৩০ ভাগ ক্ষেত্রে টিসিবির হস্তক্ষেপ থাকা উচিত।’ তিনি বলেন, ‘বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। কারসাজিও নেই। আমরা সজাগ আছি।’

এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ মূলত ভারত এবং আদা চীন, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে আমদানি হয়। আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় দেখা যায়, অতিবৃষ্টি ও বন্যার কারণে ভারত পেঁয়াজ রপ্তানির সর্বনিম্ন দাম টনপ্রতি ৬৫০ মার্কিন ডলার নির্ধারণ করে দিয়েছে। এ কারণে হঠাত্ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তিনি বলেন, সাত-আট মাস ধরে আন্তর্জাতিক বাজারে আদার দামও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাই পণ্যটির দাম বেড়ে গেছে।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি সম্প্রসারণের জন্য শেরেবাংলা নগর এলাকায় জাতীয় রপ্তানি হাউস নামে একটি ভবন করার পরিকল্পনা সরকারের আছে।