মন্ত্রণালয়ের ৮০ শতাংশ কাজই পেঁয়াজকে ঘিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মন্ত্রণালয়ের ৮০ শতাংশ কাজই এখন পেঁয়াজকে ঘিরে। গতকাল বুধবার সংসদে শাহিদা তারেখের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের ৮০ ভাগ মনোযোগ এখন পেঁয়াজের ওপর। বাজার স্থিতিশীল রাখার জন্য আমরা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছি। পেঁয়াজ আমদানির জন্য মিয়ানমার, চীন ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু ভারত থেকে আনলে ভালো হয়। কারণ, মিয়ানমার, চীন ও পাকিস্তানে পেঁয়াজের উৎপাদন কম।’
বাজারে পণ্যের দাম ঠিক রাখা টিসিবির কাজ—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা ফোর্স করে দাম কমাতে পারি না। বাজারের মূল শক্তি বেসরকারি খাত। তাই দাম ঠিক রাখার জন্য বাজারে ২০ থেকে ৩০ ভাগ ক্ষেত্রে টিসিবির হস্তক্ষেপ থাকা উচিত। তিনি আরও বলেন, বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। কারসাজিও নেই। আমরা সজাগ আছি।’
এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ মূলত ভারত এবং আদা চীন, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে আমদানি করা হয়। আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশটির পেঁয়াজ রপ্তানির সর্বনিম্ন দাম টনপ্রতি ৬৫০ মার্কিন ডলার। যে কারণে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে।
শামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনা সামান্য। বিদেশে নির্যাতনের শিকার হয়ে কোনো কর্মী দেশে ফেরত এলে তিনি নিজে বা তাঁর নিকট আত্মীয় মন্ত্রণালয় বা বিএমইটিতে অভিযোগ করতে পারেন। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ক্ষেত্রবিশেষ অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি থেকে জরিমানা আদায় কিংবা লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়।
বিল পাস ও উত্থাপন: গতকাল সংসদে গ্রাম আদালত (সংশোধন) বিল ২০১৩ পাস হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ ছাড়া গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ বিল ২০১৩ সংসদে উত্থাপিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করেন। উত্থাপনের পর বিলটি ১৫ দিনের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।