মন্ত্রণালয় থেকে দুই কিমি দূরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালেয় গতকাল দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। রাজধানীর বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালেয় শিশু শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে সে পরীক্ষায় অংশ নিচ্ছে। সম্প্রতি তাদের বিদ্যালয়টি ভেঙে দেওয়া হয় l প্রথম আলো
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালেয় গতকাল দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। রাজধানীর বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালেয় শিশু শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে সে পরীক্ষায় অংশ নিচ্ছে। সম্প্রতি তাদের বিদ্যালয়টি ভেঙে দেওয়া হয় l প্রথম আলো

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দুই কিলোমিটার দূরে বেইলি রোডে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পরীক্ষা দিতে হচ্ছে। কারণ, বিদ্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনসংলগ্ন বিদ্যালয়টির নাম সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই এলাকায় এটিই একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৭ আগস্ট থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এই করুণ অবস্থায় আছে। গতকাল সোমবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়। বাধ্য হয়ে বিদ্যালয়টির শিশু শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে বসে পরীক্ষা দিতে হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম জানান, সকাল আটটায় শুরু হয়ে বিভিন্ন ক্লাসের পরীক্ষা শেষ হয় বেলা দেড়টায়। তিনি জানান, বিদ্যালয়টি বাঁচিয়ে রাখার দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন তাঁরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছুটি শেষে ৭ আগস্ট শিক্ষকেরা গিয়ে দেখতে পান, বিদ্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ক্লাস করানোর মতো অবস্থাও নেই। তবু তাঁরা খোলা আকাশের নিচে ক্লাস নিয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যালয় ভেঙে দেওয়ার ঘটনার জন্য গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করেছে। এ নিয়ে রমনা থানায় মামলাও হয়েছে।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, যাঁরা এ কাজটি করেছে তাঁরা বিবেক বিবর্জিত কাজ করেছেন। কারণ, এখনো এ বিষয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। আপিলের বিষয়টি বাকি আছে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনগত দিক দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পরে রমনা থানা শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম প্রথম আলোকে জানান, এ বিষয়ে গতকাল উচ্চ আদালতে আপিল আবেদন করা হয়েছে।
মন্ত্রণালয় ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, ১৯৬২ সালে গাইড হাউস বিদ্যালয়টি প্রতিষ্ঠা করলেও ১৯৭৩ সালে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে এই বিদ্যালয়টিও সরকারি করা হয়। তখন বিদ্যালয়টি অধিগ্রহণ করা হয়। তখন থেকেই সেটি প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত হয়ে আসছে। কিন্তু একপর্যায়ে গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এখানে বিদ্যালয়টি যেন না থাকে তার চেষ্টা চালায়। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। দীর্ঘদিন এই অবস্থায় চলায় বিদ্যালয়টি ভঙ্গুর অবস্থায় পৌঁছায়। তবে মামলার রায় অ্যাসোসিয়েশনের পক্ষে যায়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রায় পাওয়ার পরও মালিকানা প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনি কিছু প্রক্রিয়া আছে। তা না মেনে রাতের আঁধারে বিদ্যালয়টি ভেঙে ফেলা হয়েছে।