মন্ত্রণালয়গুলোর বিরোধ নিষ্পত্তি করবে দুটি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  l ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফাইল ছবি

এক মন্ত্রণালয়ের সঙ্গে আরেক মন্ত্রণালয়ের কোনো বিষয়ে বিরোধ হলে তা নিষ্পত্তির জন্য দুটি কমিটি কাজ করবে। একটি কমিটি হবে সচিব পর্যায়ে ও আরেকটি কমিটি হবে মন্ত্রীদের নিয়ে। এই দুই কমিটি বিরোধগুলো নিষ্পত্তি করবে।
সচিবালয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই দুটি কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সচিব কমিটির নেতৃত্বে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়)। এই কমিটি হবে পাঁচ সদস্যের। মন্ত্রণালয়গুলোর মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দেয়, আদালতে না গিয়ে তারা সরাসরি এই কমিটির কাছে নালিশ করবে। যদি এই কমিটিও বিরোধ নিষ্পত্তি করতে না পারে, তা হলে একজন জ্যেষ্ঠ মন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা কমিটির কাছে সেটি পাঠানো হবে। সেখানে এই বিরোধ নিষ্পত্তি হবে। এই কমিটি হবে আট সদস্যের। এটি হবে মূলত আপিল কমিটি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে কাজ শুরু হবে। এই পদ্ধতি বিদ্যমান বিকল্প বিরোধ নিষ্পত্তির মতোই একটি ব্যবস্থা। বর্তমানে এ ধরনের মামলা কতগুলো আছে—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সঠিক পরিসংখ্যান না থাকলেও অনেক।
মন্ত্রিসভার গতকালের বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন ২০১৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগে এটি ইংরেজিতে ছিল, এখন এটি বাংলায় করা হচ্ছে।
এই আইনের আওতায় দেড় হাজার মিটার বা তার চেয়ে বড় দৈর্ঘ্যের সেতু-টানেল, উড়ালসড়কসহ (ফ্লাইওভার) এক্সপ্রেসওয়ের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেতু বিভাগের ওপর ন্যস্ত থাকবে।
সেতু কর্তৃপক্ষের আওতাধীন স্থাপনা ও সংরক্ষিত অংশের জন্য এর ব্যবহারকারী কোনো সংস্থা-ব্যক্তি বা যানবাহনের ওপর ফি বা টোল ধার্য ও আদায়ের দায়িত্বও কর্তৃপক্ষের আওতায় থাকবে। আর কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনার ভার থাকবে একটি প্রশাসনিক বোর্ডের ওপর। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে চেয়ারম্যান এবং সেতু বিভাগের সচিবকে ভাইস চেয়ারম্যান করে ১৫ সদস্যের এই বোর্ড গঠিত হবে। কর্তৃপক্ষের একজন নির্বাহী পরিচালক থাকবেন। এ ছাড়া বিভিন্ন কারণে জরিমানার বিধানও রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।
বৈঠকে চাকরির নিয়মিত মেয়াদ গতকাল শেষ হওয়ায় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান ও নৌপরিবহনসচিব শফিক আলম মেহেদীকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। বৈঠকে আরও পাঁচটি বিষয় সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
বৈঠকে উপস্থিত দুজন মন্ত্রী বৈঠকের পর কয়েকজন সাংবাদিককে বলেন, বৈঠকে অনির্ধারিত আলোচনায় আইনানুযায়ী কয়েকটি পণ্য বাজারজাত করার সময় পাটের তৈরি বস্তা ও মোড়ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রীও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।