মন্ত্রণালয়গুলোর মামলা নিষ্পত্তিতে দুই কমিটি
সরকারের এক মন্ত্রণালয়ের সঙ্গে আরেক মন্ত্রণালয়ের কোনো বিরোধ নিয়ে যেন আদালতে মামলা করতে না হয়, সে জন্য দুটি কমিটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কমিটি মামলাগুলো নিষ্পত্তি করবে। একটি কমিটি হবে সচিবদের নিয়ে, আরেকটি কমিটি হবে মন্ত্রীদের নিয়ে।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিরোধ নিষ্পত্তির জন্য সচিব কমিটির নেতৃত্বে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সচিব। এই কমিটি হবে পাঁচ সদস্যের। মন্ত্রণালয়গুলোতে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দেয়, আদালতে না গিয়ে তারা এই কমিটির কাছে নালিশ করবে। যদি এই কমিটিও বিরোধ নিষ্পত্তি করতে না পারে তাহলে একজন জ্যেষ্ঠ মন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা কমিটির কাছে সেটি পাঠানো হবে। সেখানে এই বিরোধ নিষ্পত্তি হবে। এই কমিটিটি হবে আট সদস্যের। এটি হবে মূলত আপিল কমিটি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপণ জারি করে কাজ শুরু হবে। এই পদ্ধতি বিদ্যমান বিকল্প বিরোধ নিষ্পত্তির মতোই একটি ব্যবস্থা বলে তিনি মন্তব্য করেন।
আজকের বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন-২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগে এটি ইংরেজিতে ছিল, এখন এটি বাংলায় করা হচ্ছে।
বৈঠকে পাঁচটি বিষয় সম্পর্কে আজ মন্ত্রিসভাকে অবহিত করা হয়।