পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি দেশের সার্বিক অবস্থা এবং উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে বেশ কিছু প্রকল্প নেওয়ার পরামর্শ দিলেও এখনো তা গ্রহণ করা হয়নি।গতকাল রোববার জাতীয় সংসদে উপস্থাপিত পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম প্রতিবেদনে এ কথা বলা হয়। সংসদে প্রতিবেদনটি উপস্থাপন করেন কমিটির সভাপতি অলি আহমদ।প্রতিবেদনে বলা হয়, কমিটির দেওয়া প্রস্তাবগুলো যথাযথভাবে বিবেচনা ও বাস্তবায়ন করা হলে সরকার ও জনগণ উপকৃত হবে। দেশের বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২৭ জানুয়ারি পর্যন্ত পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ১২টি বৈঠক করেছে। বৈঠকগুলোয় ২৩টি মন্ত্রণালয়ের প্রকল্পসহ আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। ফাজিল ও কামিল ডিগ্রি দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়: ফাজিল ও কামিল ডিগ্রি এখন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় দেবে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণের দায়িত্ব ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। গতকাল জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ-সংক্রান্ত বিলটি পাসের জন্য উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল পাস হয়। আগে ফাজিল ও আলিম ডিগ্রি মাদ্রাসা শিক্ষা বোর্ড দিত এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে ছিল এসব মাদ্রাসা। আইনটি পাস হওয়ার আগে জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব এবং কয়েকটি সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এম কে আনোয়ারের বাড়িতে হামলা প্রসঙ্গ: গতকাল জাতীয় সংসদে বিএনপির সাংসদ এম কে আনোয়ার তাঁর হোমনার বাড়িতে সরকারদলীয় সমর্থকদের হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন। তিনি বলেন, ‘হামলার আশঙ্কা করে থানায় আগাম অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সেদিন বাড়িতে ছিলাম। কেন এমন হামলা হলো, আমার কী অপরাধ ছিল। মন্ত্রী থাকাকালে আমি কাউকে কটু কথাও বলিনি।’ তিনি সরকারদলীয় দুজন সদস্যকে নিয়ে একটি সংসদীয় দল গঠন করে তদন্তের দাবি করেন। স্পিকার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন। অপর এক পয়েন্ট অব অর্ডারে মওদুদ আহমদ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বললে আইনগত ব্যবস্থা নেওয়ার যে ঘোষণা দেন, তা প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, আদালত কোনো নির্দেশ দিলে মানার বিষয়টি সরকারের ওপর বর্তায়। দেশের ১৫ কোটি মানুষ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে মানবে।এ ব্যাপারে স্পিকার বলেন, আইনমন্ত্রী এ বিষয়টি সংসদে ব্যাখ্যা দেবেন। সংসদ আজ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।