মন্ত্রণালয়ে প্রসাধনীর মতো কম্পিউটার সাজিয়ে রাখলেই দিনবদল হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রণালয়ে প্রসাধনীর মতো কম্পিউটার সাজিয়ে রাখলেই দিন বদল হয় না। যাঁরা দিন বদলের কথা বলে মুখে ফেনা তুলছেন তাঁদের মন-মানসিকতাই এখনো বদলায়নি। অধিকাংশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দৈনন্দিন কাজের কোনো তথ্যই নেই। সেখানে শুধু মন্ত্রীর শপথ গ্রহণ, আর প্রথম দিকের দু-একটি অনুষ্ঠানের ছবি ছাড়া আর কিছু চোখে পড়ে না। এভাবে দিন বদল হয় না।তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে গতকাল মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। মন্ত্রীদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, প্রশাসনিক ক্ষেত্রে কাজের ধরন এনালগ পদ্ধতিতেই রয়েছে। এ ক্ষেত্রে আজও দিন বদলের ছোঁয়া লাগেনি। তিনি বলেন, সীমিত ক্ষমতা ও সীমাবদ্ধ দায়িত্বের আওতা সত্ত্বেও সংসদীয় কমিটিগুলো সরকারের গঠনমূলক সমালোচনা করে মন্ত্রণালয়গুলোকে কিছুটা হলেও নজরদারিতে রাখতে পারছে। এতে অনেক ক্ষেত্রে কাজের গতি ও মান কিছুটা হলেও বেড়েছে।এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, শাহিন মনোয়ারা হক, সারাহ্ বেগম কবরী, সুকুমার রঞ্জন ঘোষ, বি এম মোজাম্মেল হক ও শাহিরয়ার আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাসসহ সংশিষ্ট কর্মকর্তারা সভায় যোগ দেন।পিআইবির জন্য আলাদা আইন করার সুপারিশ: সভায় পিআইবির কার্যক্রমের ওপর একটি প্রতিবেদন দেওয়া হয়। তাতে পিআইবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্স চালু করার উদ্যোগ নিতে সুপারিশ করা হয়।এ ছাড়া পিআইবির মহাপরিচালক সাত মাস ধরে বেতন পাচ্ছেন না এবং ২০টি গুরুত্বপূর্ণ পদ শূন্য আছে বলে সভায় জানানো হয়। এসব শূন্য পদে জরুরি ভিত্তিতে নিয়োগের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, আলোচনাকালে কমিটির মনে হয়েছে পিআইবি দ্বৈত ব্যবস্থার মধ্যে চলছে। একদিকে তাদের নিজস্ব কাঠামো, অন্যদিকে মন্ত্রণালয়ের খবরদারি। কমিটি পিআইবির জন্য আলাদা একটি আইন করার জন্য সুপারিশ করেছে।