মন্ত্রণালয়ে ফাইল অনুমোদনে অনেক স্তর, অযথা হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের গতি কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। পরিকল্পনাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ফাইল অনুমোদনের বিভিন্ন স্তর নিয়ে আলোচনাকালে এ ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। গতকাল রোববার সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় সদস্যরা এ ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে।সূত্রমতে, সভায় সাংসদেরা বলেন, প্রতিটি মন্ত্রণালয়েই ফাইল অনুমোদনের জন্য অনেক স্তর পার করতে হয়। আর প্রতিটি স্তরেই অযথা হয়রানির শিকার হতে হয়। এর মধ্যে কিছু স্তরের প্রয়োজনীয়তাই নেই। মন্ত্রণালয়গুলোর এই আমলাতান্ত্রিক জটিলতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। পরিস্থিতি এখন এমন একপর্যায়ে চলে গেছে যে ফাইলের পেছনে তদবির না থাকলে সারা জীবনেও মন্ত্রণালয় থেকে একটি ফাইল বের করা সম্ভব হবে না। কমিটি মন্ত্রণালয়ে বিভিন্ন অপ্রয়োজনীয় স্তর বিলুপ্তির সুপারিশ করে।কমিটির সভাপতি অলি আহমদ এতে সভাপতিত্ব করেন। সভায় কমিটির সদস্য নওয়াব আলী আব্বাস খান, হামিদা বানু, রেজা আলী, আজিজুল হক চৌধুরী, আ ন ম শামশুল ইসলাম, পরিকল্পনা বিভাগের সচিব মঞ্জুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কমিটির সভাপতি অলি আহমদ বৈঠক শেষে সাংবাদিকদের জানান, মন্ত্রণালয়ের কাজে ধীরগতিতে কমিটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। অধিকাংশ মন্ত্রণালয়েই মাসের পর মাস ফাইল আটকে আছে। কাজের কাজ কিছু হচ্ছে না। সভায় আগামী পাঁচশালা পরিকল্পনাসহ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে মন্ত্রণালয় থেকে কমিটিকে অবহিত করা হয়।