শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন কোনো কর্মচারী নিয়োগ দেওয়া যাবে না বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এর ফলে নতুন ২৩ জনের নিয়োগ বৈধ হবে না। এর পরিপ্রেক্ষিতে ওই বোর্ডের কর্মচারীরা তাঁদের কর্মবিরতি স্থগিত করেছেন। গতকাল শনিবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তবে কর্মচারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নতুন ২৩ জন কর্মচারীকে অফিস করতে দেওয়া হলে তাঁরা আবার আন্দোলনে ফিরে যাবেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি হুমায়ুন কবির। লিখিত বক্তব্যে তিনি বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাকাল থেকে ১০৯ জন কর্মচারী দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োগ পেয়ে কাজ করছেন। বর্তমান চেয়ারম্যান ও তাঁর আগের দুইজন চেয়ারম্যান এসব কর্মচারীর চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দেন। তাঁদের চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত বোর্ডে নতুন কোনো কর্মচারী নিয়োগ দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু বোর্ডের বর্তমান চেয়ারম্যান তসলিমা আকতার গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় অফিসে এসে নাটকীয়ভাবে ২৩ জন নতুন কর্মচারীকে দৈনিক হাজিরার (মাস্টার রোল) ভিত্তিতে নিয়োগ দেন। এর প্রতিবাদে কর্মচারীরা নতুন নিয়োগ বাতিল না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসনের এক কর্মকর্তা বোর্ডের কার্যালয়ে আসেন। তিনি আন্দোলনরত কর্মচারীদের জানান, শিক্ষা মন্ত্রণালয় নতুন ২৩ জন কর্মচারীর নিয়োগ অবৈধ ঘোষণা করেছে। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মীর মো. নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বোর্ড নতুন করে কোনো জনবল নিয়োগ দিতে পারবে না। এ অবস্থায় বোর্ডের চেয়ারম্যানের দেওয়া নিয়োগ বৈধ হবে না।