মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ভূমির নিয়োগ বন্ধের আদেশ দিয়ে চিঠি
পূর্বানুমতি ছাড়া ভূমি মন্ত্রণালয়ের অধীন কোনো প্রতিষ্ঠান বা জেলা প্রশাসক কার্যালয়ে ভূমিবিষয়ক কর্মচারী নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল রোববার ভূমি মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে এ কথা বলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে তৃতীয়-চতুর্থ শ্রেণীর মতো পদের নিয়োগ কেন্দ্রীভূত সিদ্ধান্তের জালে আটকা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে প্রয়োজনীয় নিয়োগ বিলম্বিত হতে পারে। চিঠিতে বলা হয়, নিয়োগ কমিটি কী হবে এবং কবে-কীভাবে পরীক্ষা নেওয়া হবে এ ধরনের বিষয়ও মন্ত্রণালয় নির্ধারণ করে দেবে। নিয়োগ কমিটিতে মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জেলা প্রশাসনে এখন ভূমিবিষয়ক কয়েক হাজার পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। এই চিঠির ফলে এসব নিয়োগ ঝুলে যেতে পারে। প্রসঙ্গত, বর্তমানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের প্রতিনিধি রেখে জেলা-পর্যায়ে এবং মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রতিষ্ঠান-প্রধান নিয়োগের যাবতীয় কার্যক্রম গ্রহণ করে থাকেন। শুধু পদের ছাড়পত্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয়।বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা কেন্দ্রীয় সরকারেরই প্রতিনিধিত্ব করেন। তাঁদেরই ভূমিবিষয়ক যাবতীয় কার্যক্রমের যথাযথ কর্তৃপক্ষ বলে বিবেচনা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনিয়ম এবং ক্ষেত্রবিশেষ স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ বন্ধ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’