ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে এখন থেকে যেকোনো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। আর ইতিমধ্যে বাজেটের অতিরিক্ত কোনো কাজের কার্যাদেশ দিয়ে থাকলে তাও বাতিল করতে হবে।
এ রকম কঠোর সিদ্ধান্ত নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ছয় দফা নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের সূত্রগুলো বলছে, এই সিটি করপোরেশনটির আর্থিক অনিয়ম ও অপচয় ঠেকাতেই বিশেষ এ ব্যবস্থা নিতে হয়েছে মন্ত্রণালয়কে। আর্থিক সমস্যার কারণে ঠিকাদারদের পাওনা প্রায় ১৫০ কোটি টাকা দিতে পারছে না এই সিটি করপোরেশন। অপরিকল্পিত ও অস্বচ্ছ বিভিন্ন প্রকল্প গ্রহণ করার কারণেই আর্থিক সমস্যা হচ্ছে। বিভিন্ন মার্কেট নিয়েও চলছে সমস্যা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা মনে করেন, এর ফলে কার্যত তাঁদের ক্ষমতা কমল। কারণ, আর্থিক ক্ষমতা না থাকলে যতই ক্ষমতার কথা বলা হোক, তা কোনো কাজে আসে না বলে মনে করেন তাঁরা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ অন্য কোনো সিটি করপোরেশনকে এ ধরনের নির্দেশনা না দিয়ে কেন শুধু দক্ষিণ সিটি করপোরেশনকে দেওয়া হলো—জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় প্রথম আলোকে বলেন, উত্তর সিটি করপোরেশনের আয় বেশি, তাদের পক্ষে লক্ষ্যমাত্রা পূরণ করাও সম্ভব। কিন্তু দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে সেটা অনেক সময় সম্ভব হয় না। তাদের মার্কেট নিয়েও মামলা-মোকদ্দমা আছে। যে কারণে তাদের আয় কম। রাজস্ব আয় কম হওয়ায় আয়ের বাইরে খরচ করলে এই বোঝা সরকারের ঘাড়ে এসে পড়ে। এসব কারণে বাজেটবহির্ভূত কোনো প্রকল্প না নিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো ছয় দফা নির্দেশনার মধ্যে আরও আছে অর্থের নিশ্চিত সংস্থান ছাড়া দরপত্র-প্রক্রিয়া বা বিজ্ঞপ্তি প্রকাশ না করা, কার্যাদেশ বা নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড না দেওয়া, উন্নয়ন প্রকল্পের কার্যাদেশ বা নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেওয়া হলে অনুমোদনকারী বা প্রদানকারী কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী করে ব্যবস্থা নেওয়া এবং ইতিমধ্যে বাজেটের অতিরিক্ত কোনো কার্যাদেশ দেওয়া হলে তা বাতিল করা।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান প্রথম আলোকে বলেন, আর্থিক কিছু সংকট আছে, সে জন্য মনে হয় সতর্কতামূলক এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তিনি মনে করেন, এর ফলে খুব সমস্যা হবে না।
প্রসঙ্গত, ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন করা হয়। এর পর থেকে নির্বাচন না করে প্রশাসক দিয়ে এগুলো পরিচালনা করা হচ্ছে।