মন্ত্রণালয়ের আদেশে বিদেশ গিয়ে বিপাকে পড়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাতজন চিকিৎসক। চলতি মাসের ১৫-২১ তারিখ পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব হৃদরোগ সম্মেলনে যোগ দিতে ওই চিকিৎসকদের মন্ত্রণালয় থেকে আদেশ দেওয়া হয়। এদিকে অনুমোদিত ছুটি সরকারি আদেশের পরিপন্থী বলে অভিযোগ করে ওই চিকিৎসকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাসপাতালের পরিচালক। জবাবের অপেক্ষা না করে একই দিনে অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।সম্মেলন থেকে ফিরে গত মঙ্গলবার সাতজন চিকিৎসক কাজে যোগ দিয়েছেন। গত বুধবার চিকিৎসকদের কাছে ওই ছুটির বিষয়ে কারণ দর্শানোর নোটিশ এবং একই দিন তাঁদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন পরিচালক। উভয় চিঠিতে পরিচালক অভিযোগ করেন, তাঁদের ছুটি বৈধ ছিল না।জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক (সিনিয়র কনসালটেন্ট) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদেরকে হেয় প্রতিপন্ন করতে পরিচালক এই অভিযোগ এনেছেন। মন্ত্রণালয়ের আদেশে আমরা সাতজন চিকিৎসক ওই সম্মেলনে যোগ দিতে যাই। চলতি মাসের ২ তারিখ মন্ত্রণালয় থেকে আমাদের ছুটি মঞ্জুর করার পর ১৩ জুন পরিচালক বরাবর ছুটির আবেদন করি। তিনি সময়মতো দরখাস্তে স্বাক্ষর করেননি। ১৫ জুন পর্যন্ত ছাড়পত্রের জন্য আমরা অপেক্ষা করলেও তিনি কার্যালয়ে আসেননি।’ নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘পরিচালক সময়মতো প্রতিষ্ঠানে না আসার কারণে আমরা ছাড়পত্র পাইনি। সরকারি বিধি মেনেই আমরা ওই সম্মেলনে অংশ নিয়েছি।’ প্রতিষ্ঠানের অধ্যাপক খাজা এন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে পরিচালক আমাদের কোনো নিষেধ করেননি; আবার দরখাস্তে সম্মতিও দেননি। আবেদন নিয়ে কথা বলতে গিয়ে আমরা তাঁকে কার্যালয়ে পাইনি।’এ ব্যাপারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক আবুল হোসেইন খান চৌধুরী প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার পরই প্রতিষ্ঠানে আবেদন করার নিয়ম। ওই সাতজন চিকিৎসক অনেক দেরি করে আবেদন করেছেন। ছুটি গ্রহণের প্রশাসনিক প্রক্রিয়া নিয়ম মাফিক করতেই কারণ দর্শানোর নোটিশ ও তদন্ত কমিটি করা হয়েছে।