নিজ নিজ মন্ত্রণালয়ের ইতিবাচক কাজগুলো ব্যাপকভাবে প্রচারের জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে বিএনপি যেসব ‘অপপ্রচার’ করছে, তার পাল্টা প্রচার চালাতে পরামর্শ দিয়েছেন তিনি।
গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে বৈঠকে উপস্থিত দুজন মন্ত্রী প্রথম আলোকে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী বলেন, মন্ত্রিসভায় আলোচনা হয়, বিএনপি নানাভাবে সরকারের কর্মকাণ্ড নিয়ে অহেতুক সমালোচনা অব্যাহত রেখেছে। এ জন্য পাল্টা প্রচার চালাতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনে ‘ফিরে দেখা’ নামে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের ‘জ্বালাও-পোড়াও’-এর ঘটনাগুলো তুলে ধরতে তথ্য মন্ত্রণালয়কে পরামর্শ দেন।
গতকাল মন্ত্রিসভার শুরুতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের ওপর আলোকচিত্রের সমন্বয়ে ৭১টি স্মারক ডাকটিকিট-সংবলিত উদ্বোধনী খাম অবমুক্ত করেন। একই সঙ্গে ‘গণহত্যা ও যুদ্ধাপরাধ’ শিরোনামে একটি বিশেষ স্মারক ডাকটিকিট অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। এগুলো প্রকাশ করেছে ডাক বিভাগ। বৈঠকে এ বিষয়ে সংক্ষিপ্ত ভিডিওচিত্র দেখানো হয়।
পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালন করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ দুটি দিবসকে মন্ত্রিপরিষদ বিভাগের এ-সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকের অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ডিপ্লোম্যাটিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি-সম্পর্কিত চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।