মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নেই সোনাগাজীর ৫৬ মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত লাল মুক্তিবার্তায় থাকা মুক্তিযোদ্ধা তালিকায় ফেনীর সোনাগাজী উপজেলার ৫৬ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশিত হয়নি। এতে স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন।

নাম বাদ পড়াদের মধ্যে বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিন, সাবেক দুজন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, মফিজুল হক পাটোয়ারি ও বর্তমান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডারের (ত্রাণ ও সমাজকল্যাণ) মো. সাহাব উদ্দিনেরও নামও রয়েছে।

সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদিত মুক্তিবার্তার লাল বইয়ের ৪৭ নম্বর পৃষ্ঠায় সোনাগাজী থানার ০২১১০৫০২১৫ থেকে ০২১১০৫০২৭০ নম্বর ক্রমিকে যে ৫৬ জন মুক্তিযোদ্ধার নাম ছিল তা অনলাইনে প্রকাশিত হয়নি। এর আগের ও পরের পৃষ্ঠায় যাদের নাম ছিল তাঁদের নাম প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি সোনাগাজীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনেছেন। এ বিষয়ে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে ওই ৫৬ জন মুক্তিযোদ্ধার নাম পুনঃপ্রকাশের জন্য অনুরোধ জানানো হবে।