সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ক্ষমতা স্থগিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই সিদ্ধান্ত মাঠপর্যায়ের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নির্দেশিকা-২০১৫-এর যে দুটি ধারায় বদলির ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে ছিল, তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে উল্লেখ করা হয়। মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেছেন, বদলি নিয়ে তদবির ও চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, প্রতিবছর শত শত বদলির আবেদন ও তদবিরের চাপ আসে মন্ত্রণালয়ে।
সাধারণত প্রতিবছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে শিক্ষকদের একই উপজেলা বা থানা, আন্তউপজেলা বা থানা, আন্তজেলা, আন্তসিটি করপোরেশন ও আন্তবিভাগে বদলির সুযোগ রয়েছে। কিন্তু শিক্ষক বদলি নির্দেশিকায় একটি ধারায় বলা ছিল, ওই সময়ের মধ্যে বদলি সম্পন্ন করা না গেলে মন্ত্রণালয় যেকোনো সময় বদলির কাজ করতে পারবে।
গতকাল জারি করা মন্ত্রণালয়ের অফিস আদেশে ওই দুটি ধারা স্থগিত করে বলা হয়, নির্দেশিকায় থাকা অন্যান্য নির্দেশনার আলোকে একই উপজেলা বা থানা, আন্তবিদ্যালয়, আন্তউপজেলা বা থানা, আন্তজেলা, আন্তসিটি করপোরেশন ও আন্তবিভাগ বদলির কাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা করবেন।