মন্ত্রণালয়ের গাড়িতে ফেনসিডিলসহ গ্রেপ্তার তিনজন জেলহাজতে
শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ি থেকে ১৫০ বোতল ফেনসিডিল আটকের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রো-ঘ-১১-৮৭২৫ নম্বরের সাদা রঙের ওই গাড়িটি ব্যবহার করেন মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (অর্থ) শামসুল হুদা।গত ২৩ মার্চ গভীর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে গাড়িটি আটক করা হয়। বর্তমানে গাড়িটি কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান কবির জানান, ২৩ মার্চ রাত আনুমানিক আড়াইটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় গাড়িটি আটক করে। গাড়ি থেকে আটক করা হয় চালক লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লুফুয়া হোসেন মিয়াজী বাড়ির বাসিন্দা মো. সামছুল ইসলাম (৩৮), ঢাকার নয়াবাজার এলাকার মো. আবদুর রহমান (৪৫) ও উত্তর বাড্ডার মো. আলাউদ্দিনকে (৩০)।এসআই মো. শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, গাড়ির চালক পুলিশের কাছে দাবি করেছেন, ওই দিন গ্যারেজে গাড়ি জমা না দিয়ে তিনি রামপুরার বনশ্রী এলাকার মাদক ব্যবসায়ী ইসমাইলের কাছে পাঁচ হাজার টাকায় ভাড়া দেন। তিনি গাড়ি চালিয়ে ইসমাইলকে কুমিল্লায় নিয়ে আসেন। মামলার অন্য দুই আসামি হলেন সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের স্বপন (৩৫) ও রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার ইসমাইল (৩৩)। এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (অর্থ) শামসুল হুদার দপ্তরে গতকাল বৃহস্পতিবার বিকেলে একাধিকবার ফোন করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।