মন্ত্রণালয়ের চিঠিকে আদিবাসীবিদ্বেষী বলল জনসংহতি
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে তিন পার্বত্য জেলা প্রশাসক ও বিভিন্ন দপ্তরে পাঠানো সেই চিঠিকে ‘আদিবাসীবিদ্বেষী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চিঠি’ বলে অভিহিত করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে জনসংহতি সমিতি এ প্রতিক্রিয়া ব্যক্ত করে।মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহার, চিঠি প্রেরণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পার্বত্য চুক্তি বাস্তবায়নের ব্যাপারে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা, আদিবাসী জাতিগোষ্ঠীগুলোর জাতিসত্তা, ভাষা, সংস্কৃতি ও প্রথাগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকারবিষয়ক জাতিসংঘের ঘোষণাপত্র বাস্তবায়ন করা এবং ১৬৯ নম্বর কনভেনশনে অনুস্বাক্ষরের দাবি জানানো হয়েছে সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা স্বাক্ষরিত এই চিঠিতে। ফ্যাক্স ও চিঠির মাধ্যমে এই বার্তা পাঠানো হয়েছে বলে সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা নিশ্চিত করেছেন।সমিতির চিঠিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে যে চিঠি পাঠানো হয়েছে, তা অত্যন্ত আপত্তিকর এবং তাতে আদিবাসী পাহাড়ি জনগণকে দমন-পীড়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার সুদূরপ্রসারী হীন উদ্দেশ্য রয়েছে।গত ২৮ জানুয়ারি পাঠানো পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (সমন্বয়-২) মো. মজিবুর রহমানের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, উপজাতীয় কতিপয় নেতা, বুদ্ধিজীবী, পাহাড়ে বসবাসরত শিক্ষিত ব্যক্তিরা, এমনকি সাংবাদিকেরাও ইদানীং উপজাতীয় সম্প্রদায়গুলোকে উপজাতি না বলে আদিবাসী হিসেবে অভিহিত করছেন। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, বিদেশি সংবাদমাধ্যম ও জাতিসংঘের আড়ালে থাকা খ্রিষ্টান রাষ্ট্রগুলো ওই সব ব্যক্তির সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম এলাকায় একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তার অপতত্পরতা চালিয়ে যাচ্ছে।