চট্টগ্রাম সিটি করপোরেশনের তৃতীয় শ্রেণির নিয়োগ–প্রক্রিয়া
মন্ত্রণালয়ের ছাড়পত্র না থাকায় স্থগিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের তৃতীয় শ্রেণির বিভিন্ন পদের নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ছাড়পত্র না নেওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কবে নাগাদ এই প্রক্রিয়া পুনরায় শুরু হবে তা কেউ বলতে পারছেন না।
করপোরেশন সূত্র জানায়, করপোরেশন গত ২৬ ও ২৮ মার্চ স্থানীয় ও জাতীয় দৈনিকে তৃতীয় শ্রেণির বিভিন্ন পদে প্রায় ৩৫০ কর্মচারী নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এসব পদের বিপরীতে প্রায় তিন হাজার প্রার্থী আবেদন করেন।
সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ প্রথম আলোকে বলেন, তৃতীয় শ্রেণির পদগুলোতে কর্মচারীদের নিয়োগ দিতে হলে মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন হয়। কিন্তু ছাড়পত্র না নিয়ে নিয়োগ কার্যক্রম শুরু করায় মন্ত্রণালয় পুরো প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে। এখন পরবর্তী কার্যক্রম শুরু করতে হলে মন্ত্রণালয়ের নির্দেশনা লাগবে।
সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। এই জটিলতা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। আমাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’
করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ১৭ সেপ্টেম্বর বৈঠক আহ্বান করেন। বৈঠকে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে ১৪ সেপ্টেম্বর চিঠি দেওয়া হয়।
কিন্তু মন্ত্রণালয় ১৫ সেপ্টেম্বর নিয়োগ কার্যক্রম স্থগিত করতে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জসীম হায়দার সই করা চিঠিতে লোকবল নিয়োগের ছাড়পত্র ছাড়া নিয়োগ-প্রক্রিয়া শুরু করার বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন গত ২১ সেপ্টেম্বর তৃতীয় শ্রেণির বিভিন্ন শূন্য পদে নিয়োগ-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করে।
চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ আবু তৈয়ব ক্ষোভ প্রকাশ করে বলেন, মন্ত্রণালয়ের চিঠির অজুহাতে কর্তৃপক্ষ পুরো নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে। এর আগে আইনি জটিলতার কথা বলে নিয়োগ-প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছিল। অথচ করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ চলছে। যত জটিলতা সৃষ্টি হয় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে। কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে এই জটিলতা সৃষ্টি করেছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার প্রয়োজন হয় না।