মন্ত্রণালয়ের ছুটির তালিকা মানে না শিক্ষাপ্রতিষ্ঠানটি
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত ছুটির তালিকা না মেনে গতকাল বুধবার সরস্বতী পূজার দিন বিদ্যালয় খোলা রেখেছে চট্টগ্রাম নগরের জামালখান এলাকার চিটাগং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সকাল আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রতিষ্ঠানটির শ্রেণি কার্যক্রম চলে।
মন্ত্রণালয়ের ছুটির তালিকা না মানার যুক্তি হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকার বিষয়টিকে যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছে কর্তৃপক্ষ। এ কারণে দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমাসহ সংখ্যাঘুদের বিভিন্ন ধর্মীয় উৎসবেও শিক্ষাপ্রতিষ্ঠানটি খোলা রাখা হয়।
এ বিষয়ে চট্টগ্রামের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান বলেন, যেহেতু সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ছুটির তালিকা করে এটি সবার মানা উচিত। দুর্গাপূজা একটি সর্বজনীন উৎসব। এই উৎসবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। দুর্গাপূজার ছুটিতে শ্রেণি কার্যক্রম চালানো কোনোভাবে কাম্য হতে পারে না।
গতকাল দুপুরে দেখা গেছে, বিদ্যালয়ের আঙিনায় অভিভাবকদের ভিড়। বিদ্যালয় ছুটি শেষে সন্তানদের বাসায় নিয়ে যেতে এসেছেন তাঁরা।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে কেজি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। শিক্ষার্থী সংখ্যা প্রায় ২ হাজার ৫০০। একই প্রতিষ্ঠানের নামে পটিয়া উপজেলায়ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেখানে ৪২৫ জন শিক্ষার্থী রয়েছে।
মন্ত্রণালয় অনুমোদিত ছুটির দিনে কীভাবে শ্রেণি কার্যক্রম চলে, জানতে চাইলে প্রধান শিক্ষক মো. আবু তাহের মজুমদার বলেন, ‘যেহেতু আমাদের এখানে হিন্দু কিংবা অন্য ধর্মের শিক্ষার্থী নেই তাই আমরা ওটা (ছুটির তালিকা) মেনে চলি না। তবে এখন আমরা প্রস্তুতি নিচ্ছি। অন্য ধর্মের কয়েকজন শিক্ষক নিয়েছি। এখন সব ধর্মের শিক্ষার্থীর জন্য এটি উন্মুক্ত। তবে যেহেতু আগে থেকে ভর্তি করা হতো না তাই এখন আর আসে না।’
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম বলেন, স্কুলগুলো মন্ত্রণালয়ের অধিভুক্ত। ছুটির তালিকা মেনে চলা উচিত। স্কুলের প্রধানের কাছে এর ব্যাখ্যা দাবি করা হবে।